সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার ওপর সরকারের গুরুত্বারোপ | স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা: আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক যাতায়াত ও বাণিজ্য সহজ করার পাশাপাশি সীমান্ত অতিক্রমকারী ঝুঁকি মোকাবিলায় সরকার আন্তর্জাতিক মানের একটি ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ‘বাংলাদেশে ইমিগ্রেশন ও বর্ডার গভর্নেন্স সংক্রান্ত কৌশলগত রূপরেখা (২০২৭-২০৩১)’ শীর্ষক এক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জানান, সীমান্ত ব্যবস্থাপনায় দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ ভ্রমণ ও বাণিজ্য প্রবাহ অক্ষুণ্ণ রাখতে হবে। এ লক্ষ্য অর্জনে ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, কাগজপত্রবিহীন প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি বিভিন্ন সেবার মধ্যে সমন্বয় বৃদ্ধি করা সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি দেশের বিমানবন্দর, স্থলবন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্টগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে, মানবাধিকার এবং নিরাপত্তার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি পেশাদার সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মানব পাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তরসমূহ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য বলেও মন্তব্য করেন সালাহ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডে সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কারিগরি দক্ষতা ও অংশীদারত্বের মাধ্যমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই কৌশলগত রূপরেখায় সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা, ডিজিটাল তথ্য আদান-প্রদান ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং নির্বাচিত সীমান্ত পয়েন্টগুলোর অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলোকে প্রধান্য দেওয়া হয়েছে।