আলমডাঙ্গার নাগদাহ ইউপির ব্যানাগাড়ি গ্রামবাসীর সংবাদ সম্মেলন
সুদে কারবারীর নিকট হয়রানির স্বীকার আলমডাঙ্গার নাগদাহ ইউপির ব্যানাগাড়ি গ্রামবাসীর সংবাদ সম্মেলন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ব্যানাগাড়ি মোড়ে গ্রামবাসীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গ্রামের এক সুদে কারবারীর বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নাগদাহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রনি মাহমুদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, হিংসার বশবর্তী হয়ে গ্রামের কয়েকজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। বিশেষ করে ইউপি চেয়ারম্যান, তিনি নিজে (রনি মাহমুদ), গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী পিন্টু রহমান, সমাজসেবক আরজ আলী, টাবলু ও চাকরিজীবী মুকুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ২০২০ সালের দিকে ব্যানাগাড়ি গ্রামের ইসরাইল হোসেন ভোলারদাড়ি মোড়ে একটি মুদি দোকান পরিচালনা করতেন। ওই দোকানের আড়ালেই তিনি সুদের কারবার করতেন বলে অভিযোগ রয়েছে।
২০২২ সালে জমির মালিক সেখানে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে দোকানটি ভেঙে দিলে তার ব্যবসা বন্ধ হয়ে গেলেও সুদের কারবার বন্ধ হয়নি। পরে তিনি ‘ডেইলি সমিতি’র নামে গ্রামের অসহায়, দরিদ্র ও দিনমজুর মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করেন এবং বিভিন্ন ব্যক্তিকে সুদের ওপর টাকা দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়। এতে অনেক দরিদ্র মানুষ তাদের জমানো টাকা ফেরত না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
রনি মাহমুদ বলেন, গ্রামের কালাম নামের এক ব্যক্তির সঙ্গে ইসরাইল হোসেনের সাড়ে ৫ লাখ টাকা লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি আদালতে যাওয়ার আগেই চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু ইসরাইল হোসেনের অসহযোগিতা, অনিয়ম ও টাকার হিসাবে গরমিলের কারণে বিষয়টির সমাধান সম্ভব হয়নি।
তিনি আরও জানান, কালামের কাছ থেকে পাওনা সাড়ে ৫ লাখ টাকার কোনো প্রমাণ দিতে না পেরে ২০২৩ সালে কালাম আদালতে ইসরাইল হোসেনের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। ওই মামলায় কালামের দুই বছরের কারাদণ্ড হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইসরাইল হোসেন চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি তাকে মোবাইলে বা অন্য কোনোভাবে হুমকি দেওয়া হয়ে থাকে, তবে সেটির সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, গ্রামের মানুষ তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সামাজিকভাবে তাকে বয়কট করেছে। এমনকি ঈদের সময় তার বাড়ির ছিন্নিও অনেকেই গ্রহণ করেন না। যদি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কোনো সুদখোর বা মাদকসেবীকে সামাজিকভাবে বয়কট করে, তবে তা সমাজ ও দেশের নাগরিক হিসেবে সমর্থনযোগ্য বলেও উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানান গ্রামবাসী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের আলোচিত শিমুল কাজী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার
১ ঘন্টা আগে
মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত
৫ ঘন্টা আগে