সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সৌদির রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ, আগাম সতর্কতার পর আতঙ্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আগাম সতর্কতা জারি করার কিছুক্ষণ পরই এই বিকট শব্দ পাওয়া যায় বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে বিদ্যমান চরম উত্তেজনার মধ্যেই ঘটনাটি ঘটে। তবে পরবর্তীতে পরিস্থিতি বিশ্লেষণ করে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক বিপদের ঝুঁকি কেটে গেছে।
এর আগে শনিবার ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হন বলে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
হুতি পরিচালিত বার্তা সংস্থা 'সাবা' দাবি করেছে, সানার পূর্বাঞ্চলের বানি হুশাইশ এলাকার জনবসতি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়, যেখানে হতাহতদের একটি বড় অংশই নারী ও শিশু।
তবে হুতিদের এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, ঘটনাটি নিয়ে তারা তদন্ত পরিচালনা করছে।
চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের প্রভাবে সৌদি আরব ও হুতিদের লড়াই নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় অর্জিত যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে যায়। এরপর থেকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে, যার বিপরীতে ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে রিয়াদ।