সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত | র্যালি, আলোচনা ও গুণী শিক্ষক সম্মাননা
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের অনবদ্য ভূমিকা এবং তাঁদের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।
আজ সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদায় সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান’ প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীলের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আবদুর রাহীম।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারাদেশের মতো মেহেরপুরেও বিভিন্ন ক্যাটাগরিতে গুণী শিক্ষকদের সম্মাননা জানানো হয়। সম্মানিত শিক্ষকদের মধ্যে রয়েছেন: কলেজ পর্যায়ে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর; কলেজ কারিগরিতে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল; মাধ্যমিক পর্যায়ে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক রোকসানা পারভীন; মাধ্যমিক কারিগরিতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর মোঃ শফিউদ্দিন; দাখিল মাদ্রাসায় গভীপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শুকুর আলী; এবতেদায়ী মাদ্রাসায় দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান ছানোয়ার হোসেন; ফাজিল মাদ্রাসায় মানিকনগর ডিএস আলিম মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান। এছাড়া প্রাথমিক ক্যাটাগরিতে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, কাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনারুল ইসলাম এবং এস এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামকেও সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফুলেল শুভেচ্ছা দিয়ে গুণী শিক্ষকদের অভিনন্দিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রাচীনকালের প্লেটো, সক্রেটিস ও এরিস্টটলের সময় থেকে শিক্ষার প্রচলন এবং শিক্ষা ক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষকদের তাঁদের মহান পেশা ও ব্রত নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধানের দিকনির্দেশনা দেন।
আলোচনা সভায় মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সোলাইমান শেখ এবং সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি ও এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম শফিকুল ইসলাম মিন্টুসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা, অধিকার এবং শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। তাঁরা উল্লেখ করেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং শিক্ষকদের যথাযথ মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব।
র্যালি ও আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি রাশেদুল হক, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, আমঝুপি আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ শরিফুজ্জামান, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, প্রধান শিক্ষক ফিরোজ হোসেন, নুরুল গনিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।