সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১
ঝিনাইদহের মহেশপুরে দ্রুতগতির এক মোটরসাইকেলের ধাক্কায় বদিয়ার রহমান (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আফ্রিদি হাসান (২৮) গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সকালে মহেশপুর-জীবননগর-কোটচাঁদপুর মহাসড়কের কাটাখালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নওদাগ্রাম থেকে যাত্রী নিয়ে কাটাখালি এলাকায় আসেন ভ্যানচালক বদিয়ার। ভ্যানটি সড়কের এক পাশে দাঁড় করিয়ে রেখে তিনি টাকা ভাঙতি করতে গিয়েছিলেন। ঠিক সে সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বদিয়ার।
নিহত বদিয়ার রহমান মহেশপুর উপজেলার নওদাগ্রাম এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে। অপর দিকে আহত মোটরসাইকেল আরোহী আফ্রিদি হাসান কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের মোগবুল হোসেনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশকে অবহিত করে। আহত আরোহীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।