সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
র্যাম্প থেকে বিশ্বমঞ্চে | 'মিস ইউনিভার্স বাংলাদেশ' সামিরা খান মাহির নতুন পথচলা
মডেলিং দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করে অভিনয়ে পরিচিতি তৈরি করা সামিরা খান মাহি অর্জন করেছেন নতুন গৌরব। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস ইউনিভার্স বাংলাদেশ'-এর নতুন মুকুট উঠেছে তাঁর মাথায়। পূর্ববর্তী বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলার হাত থেকে এই অর্জন গ্রহণ করেন তিনি। এই খেতাব জয়ের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পথ উন্মোচিত হলো তাঁর সামনে। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে 'মিস ইউনিভার্স'-এর ৭৫তম আসর, যেখানে অংশ নিতে ঢাকা ছেড়েছেন মাহি।
বিনোদনজগতে মাহির শুরুর নাম ছিল ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে 'রং আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ' প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর তিনি নিজেকে আত্মপ্রকাশ করেন 'সামিরা খান মাহি' নামে। এরপর ফ্যাশন শো, ফটোশুট এবং বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে মডেলিং জগতে দ্রুত অবস্থান পোক্ত করেন। তবে ক্যারিয়ারের গোড়ার দিকে অসুস্থতার কারণে দীর্ঘ তিন বছরের অনিচ্ছাকৃত বিরতি সামলাতে হয়েছিল তাঁকে।
সেই বিরতি কাটিয়ে ফের নিজেকে নতুনভাবে প্রস্তুত করেন মাহি। করোনা মহামারির পর ২০২১ সালের শেষ দিকে নাট্যাভিনয়ে আত্মপ্রকাশ ঘটে তাঁর। 'গার্লস স্কোয়াড', 'হাঙর'সহ বিভিন্ন জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করে নিজের অভিনয়দক্ষতা ফুটিয়ে তোলেন। স্বল্প সময়েই ব্যাপক ব্যস্ততা বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ১২০টির বেশি নাটকে অভিনয় শেষ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময়ে কটাক্ষ ও আলোচনার মুখোমুখি হলেও নিজের কাজ ও লক্ষ্যের প্রতি দৃঢ় থেকেছেন এই অভিনেত্রী।
মা-বাবার প্রেরণা 'বিশ্ব জয় করে আসো' বার্তা সঙ্গে নিয়ে বিশ্বমঞ্চের মুখোমুখি হতে তৈরি মাহি। সৌন্দর্য ও ব্যক্তিত্বের সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতি ও নারীদের প্রতিনিধিত্ব করাকে এখন নিজের প্রধান লক্ষ্য বলে মনে করছেন তিনি।