জীবননগরে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জীবননগরে জামায়াত নেতা হাফিজুর রহমান হত্যা: আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
জীবননগরে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেল ৩টার সময় উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হাইরোড ও চারতলার মোড় প্রদক্ষিণ করে আব্দুল মজিদ টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির সন্ত্রাসীদের হামলায় জীবননগরের জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর থেকেই দেশে ধর্ষণ, চাঁদাবাজি, খুন ও সহিংসতার ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাস জীবন শেষে দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু এভাবে রাষ্ট্র পরিচালনা করলে ১৭ মাসও সরকার টিকিয়ে রাখা সম্ভব হবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সেক্রেটারি মামুন রেজা, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী ও পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।