সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পেছানোর প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসির ওই বৈঠকের পরপরই নিজেদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রায় দুই মাস পিছিয়ে দিয়েছে দেশের বিশেষায়িত প্রতিষ্ঠান ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। বৈঠকটি শেষ হতেই নতুন সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ৩০ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ, পুনঃমূল্যায়ন এবং অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
চার বিষয়ে ভর্তি সুযোগ
প্রতিষ্ঠানটিতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে মোট ৪টি বিভাগে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। বিভাগগুলো হলো— বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) এবং বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)।
এদিকে মতবিনিময় সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামী জানুয়ারি মাস থেকে গ্রহণ করা হবে এবং ফেব্রুয়ারি মাস থেকে ভর্তি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। সরকার ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার সময় যেন পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয় এবং আসন্ন পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। ইউজিসি চেয়ারম্যান আরও উল্লেখ করেন, ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবে না, বরং সমন্বয়ক হিসেবে সহায়তা করবে।