সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা শেষ করেও কাঙ্ক্ষিত পেশাগত দক্ষতা অর্জন করতে পারছেন না বহু তরুণ। এ কারণে দেশি-বিদেশি কর্মবাজারে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। গ্র্যাজুয়েটদের দক্ষতার এই ঘাটতি দূর করে আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী হিসেবে গড়ে তুলতে পাঁচ বছর মেয়াদি বিশেষ কৌশলগত রোডম্যাপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
কমিশনের এই নতুন পরিকল্পনায় মূলত শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ, তৃতীয় ভাষা শেখার সুযোগ, শিক্ষকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, পিএইচডি গবেষণার সুযোগ বৃদ্ধি এবং শিল্পপ্রতিষ্ঠানের (ইন্ডাস্ট্রি) সঙ্গে অ্যাকাডেমিক শিক্ষার সুদৃঢ় সংযোগ প্রতিষ্ঠার বিষয়টি প্রাধান্য পেয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম নগরের একটি হোটেলে চট্টগ্রাম অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশের প্রায় ১৮০টি সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা ও কর্মসংস্থানের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ। শিল্প খাতের আধুনিক চাহিদা মেটাতে না পারায় অনেক গ্র্যাজুয়েট প্রত্যাশিত সুযোগ পাচ্ছেন না, ফলে আন্তর্জাতিক শ্রমবাজেও পিছিয়ে পড়ছেন তারা।
পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিক ধাপে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় একটি ভাষা শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেবে ইউজিসি। পরবর্তী সময়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকেও এই সহায়তার আওতায় আনা হবে। একই সঙ্গে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটি করে আন্তর্জাতিক বিষয়ক দপ্তর ও বিশেষ গবেষণা সুবিধা কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে সব গ্র্যাজুয়েটের জন্য বাধ্যতামূলক ৩ থেকে ৬ মাসের ইন্টার্নশিপ চালুর লক্ষ্য নিয়েছে কমিশন। ইন্টার্নশিপকালীন শিক্ষার্থীদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়ার পরিকল্পনা রাখা হয়েছে, যার অর্ধেক দেবে সরকার এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এ কার্যক্রম পরিচালনা ও তদারকিতে একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে।
শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে ‘হিট’ (HEAT) প্রকল্পের অধীন প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশের অন্তত দুই হাজার শিক্ষককে পিএইচডি ডিগ্রির সুযোগ দেওয়া হবে। এ ছাড়া প্রবাসে কর্মরত মেধাবী বাংলাদেশি শিক্ষক ও গবেষকদের দেশে শিক্ষাদানে আকৃষ্ট করতে এক বছরের বিশেষ ফেলোশিপ ও অ্যাকাডেমিক ক্যারিয়ার প্রোগ্রাম চালুর উদ্যোগ রয়েছে।
গবেষণার ক্ষেত্রে বাস্তব জীবনের নানা জটিল সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়ে তহবিল বণ্টনের নতুন নীতি নেওয়া হচ্ছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করার ক্ষেত্রে টিউশন ফি সহযোগিতার চিন্তাভাবনা রয়েছে। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান ও অন্যান্য কার্যক্রমে গতিশীলতা আনতে শিগগিরই পৃথক বৈঠক করার কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর গবেষণার বরাদ্দ যদি প্রতিযোগিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে দেওয়া হয়, তবে ইন্ডাস্ট্রির নানা সমস্যার টেকসই সমাধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা বৃদ্ধি পাবে।
সভায় উপস্থিত উপাচার্যরা অভিন্ন গ্রেডিং ব্যবস্থা ও সেমিস্টার পরিচালনার সর্বজনীন নির্দেশিকা তৈরি, ওবিই (OBE) কারিকুলাম দ্রুত বাস্তবায়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাডেমিক গবেষণা মেলবন্ধনে ইউজিসির সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদানুযায়ী নতুন নতুন বিভাগ খোলা এবং শিক্ষক সংকট কাটাতে দ্রুত নিয়োগের সুপারিশ জানান তাঁরা।