সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত
কুষ্টিয়া শহরে ইভটিজিং বা উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ধারালো ছুরি দিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইমন নামে এক তরুণের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের কাছে ভাড়া বাসার সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জাকারিয়ার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হলেও তারা বর্তমানে পরিবারসহ কুষ্টিয়া শহরের থানা পাড়ায় বসবাস করছেন।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরে জাকিয়া। বাসার গেট খোলার জন্য অপেক্ষা করার সময় পূর্ব থেকে ওত পেতে থাকা মজমপুর এলাকার বাসিন্দা ইমন হঠাৎ ধারালো ছুরি নিয়ে তার ওপর চড়াও হয়। জাকিয়ার আর্তচিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এলে হামলাকারী তরুণ ছুরি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর স্বজনরা জানান, কোচিংয়ে যাওয়া-আসার সময় থেকে ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে উত্ত্যক্ত করে আসছিল। এর আগে বিষয়টি ইমনের অভিভাবকদের জানালে কিছুদিনের জন্য তা বন্ধ ছিল। তবে অভিভাবকের কাছে নালিশ জানানোর ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাকিয়ার মা সুমি আক্তার এ ঘটনায় অভিযুক্তের কঠোর বিচার দাবি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, হাসপাতালে ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে এবং তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান লেখক ও গবেষক ড. আমানুর আমান। তিনি বলেন, একজন শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষাজীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
পাঠকদের ফ্রেমে বন্দি প্রকৃতির রূপ ও জীবনযাত্রার নানা ছবি
১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় গেটের সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
৪ ঘন্টা আগে
কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ
১ দিন আগে