দিনাজপুরে ভুট্টা বোঝাই ট্রাক উল্টে আলমডাঙ্গার যুবকের মৃত্যু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দিনাজপুরে ভুট্টা বোঝাই ট্রাক উল্টে আলমডাঙ্গার যুবকের মৃত্যু
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উত্তরলক্ষীপুর গ্রামের এক যুবক দিনাজপুরে ভুট্টা বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত তানজিম হাসান (২৮) উপজেলার হারদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ওমর মালিথার একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভুট্টা বিক্রির উদ্দেশ্যে ভুট্টা বোঝাই ট্রাকে করে দিনাজপুরের উদ্দেশে রওনা হন হাসান। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
হাসানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও একটি কন্যা সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে তার পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
এদিকে, হাসানের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে লক্ষীপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। প্রতিবেশী ও স্বজনরা তার বাড়িতে ভিড় করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।