পবিত্র মাহে রমজানের সহমর্মিতা ও মানবিকতার আলো ছড়িয়ে আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামে ইফতার মাহফিল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন সংযোগ ফাউন্ডেশন।
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার ডাউকিতে সংযোগ ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ
পবিত্র মাহে রমজানের সহমর্মিতা ও মানবিকতার আলো ছড়িয়ে আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামে ইফতার মাহফিল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন সংযোগ ফাউন্ডেশন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ডাউকি মাদ্রাসা এতিমখানা প্রাঙ্গণে এক আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এ আয়োজন। বিকেলের ম্লান আলো আর রমজানের আবহে মাদ্রাসা প্রাঙ্গণে জমে ওঠে মানবিকতার এক উষ্ণ মিলনমেলা।
অনুষ্ঠানে ডাউকি মাদ্রাসা এতিমখানার প্রায় ২০০ জন শিক্ষার্থী এবং স্থানীয় মসজিদের মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পাশাপাশি গ্রামের ৩০ জন অসহায়, বিধবা ও প্রবীণ মানুষের হাতে ঈদের আনন্দের উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও দৈনিক কালের কণ্ঠ এবং দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি রহমান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মানুষের হৃদয়ে দয়া, মমতা ও সহমর্মিতার বীজ বপন করে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই এ মাসের প্রকৃত শিক্ষা। সংযোগ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তা মানবিক সমাজ গঠনের পথে একটি প্রশংসনীয় পদক্ষেপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ এবং সংযোগ ফাউন্ডেশনের ঝিনাইদহ জেলা কো-অর্ডিনেটর মুন্সি আবু হাসান।
সংযোগ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুন্সি আবু হাসান বলেন, সংযোগ ফাউন্ডেশন মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ আশরাফুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ, মুন্সি হাফিজুর রহমান, আশির উদ্দিন, আব্দুল কুদ্দুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সংযোগ ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমের সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।