আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও মারামারি মামলার আসামীসহ ৪ জন গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও মারামারি মামলার আসামীসহ ৪ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক, মারামারি ও জনসাধারণের বিরক্তি সৃষ্টির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ও মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সোমবার বিকেল আলমডাঙ্গা স্টেশনপাড়ার গণশৌচাগারের সামনে পাকা রাস্তা থেকে রুহুল আমিনকে (২৫) গ্রেফতার করে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর (সরিষাডাঙ্গা) গ্রামের মৃত জিয়ারুল হকের ছেলে। এ সময় তার কাছ থেকে ১ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে সোমবার রাতে আলমডাঙ্গার এক্সচেঞ্জপাড়ায় আবিদ চিড়ার মিলের সামনে পাকা রাস্তার উপর থেকে কামরুজ্জামানকে (৩৮) গ্রেফতার করে। তিনি ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।
এদিকে, আলমডাঙ্গা থানার একটি মারামারি মামলায় এজাহারনামীয় আসামি মন্টু মন্ডলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মৃত মইছুদ্দিন মন্ডলের ছেলে। এসআই সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার ভালাইপুর গ্রামের কেডিবি ইটভাটার পেছন থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় অনধিকার প্রবেশ, মারধর, গুরুতর জখম ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ ছাড়া সোমবার দিনগত গভীর রাতে আলমডাঙ্গা পৌরসভার চারতলা মোড়সংলগ্ন রাসমনি জুয়েলার্সের সামনে পাকা রাস্তা উপর থেকে জীবন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি আনন্দধাম গ্রামের কালু কসাইয়ের ছেলে। এএসআই মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে জনসাধারণের বিরক্তি সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রুহুল আমীন ও কামরুজ্জামানকে সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে প্রেরন করা হয়েছে। বাকীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক প্রসিকিউশন ও মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।