সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় নির্বাচন ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। এখন পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে বিজয় লাভ করেছে, যার মাধ্যমে দলটির সরকার গঠনের পথ নিশ্চিত হয়েছে।
দলীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই নতুন সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। এর ফলে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে আবারও কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষ হওয়ার পর বিভিন্ন আসনের এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
দেশের সংসদীয় ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯০ সালের পর থেকে দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পর্যায়ক্রমে সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন। ফলে এই দীর্ঘ বিরতির পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ।
এদিকে নিরঙ্কুশ এই বিজয় উদ্যাপনে কোনো ধরনের মিছিল বা আনন্দ শোভাযাত্রা না করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, এই বড় জয় উপলক্ষে শুক্রবার বাদ জুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।