সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা
বগুড়ার বৃষ্টিভেজা এক শুক্রবার রাতে জ্যেষ্ঠ অভিনেতা সোহেল খানের সঙ্গে সাংবাদিকের আড্ডা জমে উঠেছিল। চলচ্চিত্র, সহশিল্পীদের জীবনসংগ্রাম আর পারিবারিক গল্পে কেটে গিয়েছিল প্রায় মধ্যরাত। বিদায়বেলায় তিনি বলেছিলেন, 'এবার বিশ্রাম নেব।' এরপরই মঙ্গলবার সকালে আসে তার আকস্মিক মৃত্যুর দুঃসংবাদ।
সেই শুক্রবার রাত সাড়ে আটটা। বগুড়ায় তখনো বৃষ্টি ঝরছে। বলিউড অভিনেতা মুকেশ ঋষির সাক্ষাৎকার নিতে মম ইন হোটেলে যাচ্ছিলাম। পরিচালক মোহাম্মদ ইকবাল ও সজল শেখ নামের এক তরুণ সাংবাদিক আমার সঙ্গে ছিলেন। 'নসীব' সিনেমার শুটিংয়ে অংশ নিতে মুকেশ ঋষি বগুড়ায় অবস্থান করছিলেন। হোটেলে পৌঁছাতে মিনিট দুয়েক বিলম্ব হওয়ায় পরিচালক মুকেশ ঋষিকে নিয়ে বিসিএল গ্লাস ফ্যাক্টরির দিকে রওনা দিয়েছেন। ফোন করে পরিচালক মজা করে বললেন, 'শুটিং সেটে দুই মিনিট অনেক মূল্যবান। কাল সকালে আসুন, নাস্তার পর মুকেশের সঙ্গে কথা বলার সুযোগ করে দেব।'
মন খারাপ হলেও হোটেলের লবিতে গিয়ে দেখি, সোহেল খান আড্ডা দিচ্ছেন মম ইনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জোসেফ এল গোমেজ ও রাকিবুল ইসলামসহ আরও কয়েকজনের সঙ্গে। সেখানে আমরাও যোগ দিলাম। কুশল বিনিময়ের পর গরম মসলা চা এলো। চায়ের কাপে চুমুক দিতে দিতে আলোচনা চলল সিনেমা, নাটক, সংগীত থেকে শুরু করে বগুড়ার ঐতিহ্যবাহী দই আর ধামরাইয়ের খেতের সবজি পর্যন্ত।
যে সাক্ষাৎকারের জন্য যাওয়া, সেদিন আর তা নেওয়া হলো না। সোহেল খানের সঙ্গে আড্ডা চলল গভীর রাত পর্যন্ত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় অভিনেতা সোহেল খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে 'কার্ডিয়াক অ্যারেস্ট' উল্লেখ করা হয়েছে।
খাবারের প্রতি সোহেল খানের সুনির্দিষ্ট পছন্দ ছিল। তিনি জানালেন, দিনাজপুরের কাটারিভোগ চালের ভাত ছাড়া তার তৃপ্তি আসে না। এবারও দিনাজপুর থেকে সেই চাল সংগ্রহ করেছিলেন। পোলাওয়ের জন্য আলাদা সুগন্ধি চাল কিনেছিলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাস করলেও টাটকা সবজি আনাতেন ঢাকার ধামরাইয়ের গ্রামের বাড়ি থেকে। বগুড়ার দইয়ের কথা উঠলে তিনি বললেন, মিষ্টি বেশি হলে দইয়ের আসল স্বাদ তার কাছে ধরা পড়ে না এবং বগুড়ার দইয়ের স্বাদ আগের মতো লাগে না। উত্তরাঞ্চলে শুটিংয়ে এলে ফেরার পথে তিনি টাঙ্গাইল থেকে দই-মিষ্টি কিনতেন।
এবারও ঢাকায় ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল। সেখান থেকে ১০ কেজি দই-মিষ্টি কিনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ১০ কেজির কথা শুনে মজা করে আমি বললাম, 'এই বয়সে এত দই-মিষ্টি খাওয়া তো ঠিক হবে না!' সোহেল খান হেসে উত্তর দিলেন, 'ধুর মিঞা! আমি কী আর একা খাব? বাসায় পরিবারের লোকজন আছে না?' এরপর তার সন্তানদের কথাও উঠল। তিনি জানান, তার একমাত্র ছেলে সফল খান অভিনয় জগতে এসেছেন এবং একমাত্র মেয়ে এখনো পড়াশোনা করছেন। নিজের পছন্দের খাবার নিয়ে যতটা আগ্রহ নিয়ে বলছিলেন, বাড়ির লোকজনের জন্য কী নিয়ে যাবেন, সে কথাগুলোও বলছিলেন সমান আগ্রহে।
আড্ডায় একসময় উঠে এল নায়করাজ রাজ্জাকের প্রসঙ্গ। দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রে রাজ্জাকের প্রভাব ও দর্শকদের কাছে তার জনপ্রিয়তার কথা বলছিলেন সোহেল খান। রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাটও অভিনয় করলেও বাবার মতো সেই অবস্থান ধরে রাখা কঠিন বলে তার পর্যবেক্ষণ ছিল। চলচ্চিত্রের পুরনো দিনের কথা বলতে বলতে আড্ডা মোড় নিল শিল্পীদের আর্থিক অনিশ্চয়তার দিকে। একসময় যাদের দেখতে দর্শক হলে ভিড় করত, তাদের কারও কারও শেষ বয়সে চিকিৎসার খরচ জোগাতেও অন্যের সহায়তা নিতে হয়। পরিচিত শিল্পীদের জীবনের কয়েকটি ঘটনা তুলে ধরে সোহেল খান বললেন, কাজের সুসময়ে অনেকে ভবিষ্যতের জন্য যথেষ্ট সঞ্চয় করেন না। আয় কমে গেলে অসুস্থতা বা অন্য কোনো বিপদ সামলানো কঠিন হয়ে পড়ে। সহশিল্পীদের এমন অভিজ্ঞতার কথা বলার সময় তার কণ্ঠে আক্ষেপ ছিল স্পষ্ট।
এ প্রসঙ্গেই চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কথা এল। সোহেল খান বললেন, ফরিদুর রেজা সাগর পুরস্কার ও সম্মাননার মাধ্যমে শিল্পীদের কাজের স্বীকৃতি দেন এবং অসুস্থতা বা বিপদের সময়ও শিল্পীদের পাশে দাঁড়ান। চ্যানেল আইয়ের সঙ্গে নিজের সম্পর্ক বোঝাতে গিয়ে তিনি বললেন, 'চ্যানেল আই আমার পরিবার। সেখানে আমার সহোদর ছোট ভাই চাকরি করেন। সবকিছুর বাইরে সাগর ভাই আমাকে খুব ভালোবাসেন।' চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের একটি আসরের স্মৃতিও শোনালেন তিনি। যমুনা নদীর পাড়ে সেই আয়োজনের সময় শিল্পীদের খাবারের দায়িত্ব ছিল তার ওপর। বরাদ্দের চেয়ে কম খরচে খাবারের ব্যবস্থা করেছিলেন। অনুষ্ঠান শেষে বেঁচে যাওয়া টাকা ফেরত দিতে গেলে ফরিদুর রেজা সাগর তাকে মৃদু ধমক দিয়ে বলেছিলেন, 'মিঞা, আমার অনেক টাকা সাশ্রয় করে দিয়েছেন, রেখে দেন ওইটা।' সেদিনের সেই ধমকের কথা বলতে গিয়ে সোহেল খান হাসছিলেন।
মোহাম্মদ ইকবালের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত 'নসীব' ছবিতে খল চরিত্রে অভিনয় করছিলেন সোহেল খান। ছবিটির কথা উঠতেই আবার শুটিংয়ের গল্প শুরু হলো। বলিউড থেকে মুকেশ ঋষি এসেছেন। বাপ্পারাজ ও মুকিত জাকারিয়াও তার সঙ্গে খল চরিত্রে অভিনয় করছেন। খল চরিত্রগুলোর পরিণতি নিয়ে মজা করে বললেন, 'একে একে সব ভিলেন মারা যাবে।' ছবিতে শহীদুজ্জামান সেলিম ও শাহরিয়ার নাজিম জয়ও আছেন বলে জানালেন। 'নসীব'-এর বাজেট, অভিনয়শিল্পী আর ঈদে মুক্তির পরিকল্পনা নিয়ে বেশ আগ্রহ নিয়েই কথা বলছিলেন তিনি। তার আশা ছিল, ঈদে ছবিটি দেখতে গিয়ে দর্শক ভরপুর বিনোদন পাবেন।
কথায় কথায় নিজের অভিনয়জীবনের শুরুর দিকেও ফিরলেন সোহেল খান। হুমায়ূন আহমেদের নাটকে অভিনয়ের স্মৃতি শোনালেন। ছোট পর্দায় কাজ করতে করতে কীভাবে সিনেমায় এলেন, সে কথাও বললেন। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের বিজ্ঞাপনচিত্র দিয়ে পর্দায় পরিচিতি পাওয়া এই অভিনেতাকে পরে দর্শক দেখেছেন ফারুকীর ধারাবাহিক '৪২০'-এ। বড় পর্দায় 'নয় নম্বর বিপদ সংকেত', 'কমন জেন্ডার', 'দেশা: দ্য লিডার' ও 'শান'-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া 'জংলি'তে তাকে দেখা গেছে গ্যারেজের মালিকের ভূমিকায়। রাত বাড়ছিল। কথার ফাঁকে মাঝেমধ্যে কাশছিলেন সোহেল খান। ঘড়িতে তখন প্রায় ১২টা। একসময় ওঠার প্রস্তুতি নিলেন। বললেন, শরীরটা একটু খারাপ। অভিনয়ও আর আগের মতো লাগে না। অনেক হয়েছে। এরপর বললেন, 'এবার বিশ্রাম নেব।' সেদিন কথাটা খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। দীর্ঘদিন শুটিংয়ের ব্যস্ততায় কাটানো একজন মানুষ একটু বিশ্রাম চাইছেন। বিদায়ের সময় এ নিয়ে আর কথা বাড়াইনি।
মঙ্গলবার সকালে পরিচালক মোহাম্মদ ইকবাল ও অভিনেতা মুকিত জাকারিয়ার সঙ্গে মুঠোফোনে কথা হলো। তারা জানালেন, সকালেও সোহেল খানের সঙ্গে নাশতা করেছেন। এরপর সকাল ৯টা ১০ মিনিটের দিকে তিনি হোটেলের নিজের কক্ষে ফিরে যান। শুটিংয়ের জন্য তাকে ডাকতে গিয়ে এক সহকারী পরিচালক দেখেন, তিনি বিছানায় পড়ে আছেন। তার ডাকে সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। এরপর সোহেল খানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মৃত্যুর খবর শোনার পর বারবার মনে পড়ছে শুক্রবার রাতের সেই দুই মিনিটের কথা। একটু আগে পৌঁছালে হয়তো মুকেশ ঋষির সাক্ষাৎকার নিতে শুটিংয়ের জায়গায় চলে যেতাম। হোটেলের লবিতে সোহেল খানের সঙ্গে মসলা চা খেতে খেতে তার অভিনয়ের গল্প, ছেলেমেয়ের কথা কিংবা ফেরার পথে কোথায় গাড়ি থামাবেন—এসব শোনার সুযোগ হতো কি না, কে জানে। সেদিন বিদায়ের আগে তিনি বিশ্রাম নেওয়ার কথা বলেছিলেন। ফেরার পথটাও ঠিক করে রেখেছিলেন। পাকুল্যায় নেমে পরিবারের জন্য দই-মিষ্টি কিনবেন। ১০ কেজির কথা শুনে আমি অবাক হয়েছিলাম। তিনি হেসে বলেছিলেন, 'আমি কী আর একা খাব?' সেই হাসিটাই এখন মনে পড়ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী
২ দিন আগে
নাট্যকার মাতিয়া বানু শুকু আইসিইউতে, অবস্থা গুরুতর
৪ দিন আগে
সর্বকালের ১০০ সেরা চলচ্চিত্র তারকার তালিকা প্রকাশ করল ভ্যারাইটি | শীর্ষে মনরো, ৯২ নম্বরে শাহরুখ
৫ দিন আগে