আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় খামারিরা অংশগ্রহণ করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার। এসময় তিনি বলেন, প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, সঠিক পরিচর্যা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে খামারিদের আরও দক্ষ ও প্রশিক্ষিত করে তুলতে হবে। সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রাণিসম্পদ বিভাগের পাশাপাশি খামারিদেরও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত হতে পারে বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির অন্যতম বড় মাধ্যম। তরুণ সমাজকে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে উদ্বুদ্ধ করে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খামার পরিচালনা করতে পারলে একদিকে যেমন নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হবে, অন্যদিকে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সাবেক প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. এএনএম মোস্তাকিম মুকুট, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আনোয়ার হোসেন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ম্যানেজার শেখ হারুন অর রশিদ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন তরিকুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ উদ্যোক্তা আওয়ালুজ্জামান রাসেল বিশ^াস, বাবুল আক্তার, রহিমা খাতুন, প্রাণী সম্পদ অফিসের স্টাফ হাসান জামান, আসরাফুল হোসেন, সোহাগ ভট্টাচার্য, টগর হোসেনসহ বিভিন্ন গ্রাম থেকে আসা প্রানিসম্পদ উদ্যোক্তাবৃন্দ।
সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, পশু-পাখির রোগ প্রতিরোধ এবং খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ
১ ঘন্টা আগে
সময়ের সাক্ষী আলমডাঙ্গা রেলস্টেশন | ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন
৬ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
১২ ঘন্টা আগে