সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে ‘শয়তানের নি | শ্বাস’ প্রতারক চক্রের মূলহোতা ইন্তাজুলসহ গ্রেপ্তার ৬
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) চক্রের মূলহোতা ইন্তাজুল হক ওরফে ‘ইন্তাকানা’সহ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ যৌথ অভিযানে গাংনী থানা পুলিশও সহায়তা প্রদান করে।
পুলিশ জানায়, গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের শুকুরকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নাইম হোসেন, পারভীনা খাতুন, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, রেখা খাতুন এবং মূলহোতা ইন্তাজুল হক। গ্রেপ্তার হওয়া সব সদস্যের বাড়ি গাংনী উপজেলার হোগলবাড়িয়া এলাকায়। গত রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, চক্রটি সুকৌশলে পথচারী ও সাধারণ মানুষকে টার্গেট করে বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে চেতনা ও মানসিক অবস্থা প্রভাবিত করে সর্বস্ব হাতিয়ে নিচ্ছিল। স্কোপোলামিন-সংশ্লিষ্ট এ ধরনের প্রতারণা ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হাতিয়ে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রের মূলহোতা ইন্তাজুল একসময় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করলেও পরবর্তীতে হঠাৎ তাঁর জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। বর্তমানে শুকুরকান্দি গ্রামে তাঁর পাকা দালান, দুটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার রয়েছে। এছাড়া কুষ্টিয়ার খলিসাকুণ্ডিতে তাঁর আরও একটি পরিবার ও দুটি পাকা বাড়ি রয়েছে বলে জানা যায়।
পুলিশ কর্মকর্তা ফয়সাল মাহমুদ আরও নিশ্চিত করেন যে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনে মামলা করা হয়েছে। চক্রটির সাথে আরও কারা জড়িত রয়েছে এবং অতীতে তারা কোনো অপরাধ ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।