সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
'ন্যায়বিচার পেয়েছি, আলহামদুলিল্লাহ' | পদে ফিরে বললেন সাবেক দুদক কর্মকর্তা শরীফ
দীর্ঘ সাড়ে চার বছরের লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনর্বহাল হয়ে কাজে যোগ দিয়েছেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। মঙ্গলবার বিকেলে ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরে অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমি ন্যায়বিচার পেয়েছি।'
কাজের জ্যেষ্ঠতা এবং বকেয়া বেতন-ভাতাদিসহ শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করেছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ কার্যকর হয়। এতে উল্লেখ করা হয়, বিধি মোতাবেক তিনি তার সমুদয় সুযোগ-সুবিধা ও জ্যেষ্ঠতা ফেরত পাবেন।
মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে পৌঁছান শরীফ। পরবর্তীতে তিনি কমিশনের সদস্য ও রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আদালত, গণমাধ্যম এবং কঠিন সময়ে পাশে থাকা দুদক কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় দুদক বিধিমালা ২০০৮-এর ৫৪(২) বিধির অধীনে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছিল। এর আগে তিনি চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে ঘটে যাওয়া দুর্নীতি ও অনিয়ম তদন্ত করেন এবং বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। ওই সময় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি। তার চাকরিচ্যুতির ঘটনা সেসময় বেশ চঞ্চল্যের সৃষ্টি করে এবং দুদকের কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীরা নজিরবিহীন মানববন্ধনের আয়োজন করেন।
বিনা নোটিশে চাকরিচ্যুতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ শরীফ উদ্দিন উচ্চ আদালতে রিট দায়ের করেন। মামলার চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট গত বছরের ৯ জুলাই শরীফের অপসারণ আদেশকে শুরু থেকেই বেআইনি ও বাতিল ঘোষণা করেন এবং জ্যেষ্ঠতাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশনা দেন। পরবর্তী সময়ে দুদক হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলেও চলতি বছরের ১৫ অক্টোবর চেম্বার আদালত তা প্রত্যাহার করার আবেদন মঞ্জুর করেন। ফলে শরীফ উদ্দিনের পুনরায় স্বপদে ফিরে আসার আইনি বাধা দূর হয়।