সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিচ্ছন্নতা অভিযান চালাল মেহেরপুর জেলা বিএনপি
মেহেরপুরের গাংনী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে জেলা বিএনপি। শুক্রবার (৬ নভেম্বর) সকালের দিকে জেলা বিএনপির ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে হাসপাতালের সেবাগ্রহীতাদের খাবারের মান, শৌচাগারের স্যানিটেশন ব্যবস্থাসহ সার্বিক পরিবেশ যাচাই করেন দলীয় নেতৃবৃন্দ। এ সময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়া ছাড়াও ওষুধ সরবরাহ ও নানা সংকটের বিষয়ে তাদের সাথে কথা বলেন তাঁরা। একইসঙ্গে হাসপাতালের চিকিৎসা সেবার পরিবেশ উন্নত করতে কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দেন নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে হাসপাতালের আঙিনা, চত্বর ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একটি সুস্থ ও রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
উক্ত কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এতে অন্যান্যদের মধ্যে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী এবং বামুন্দী বিএনপির সভাপতি রাশেদুল হক সোহাগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান জানান, বিএনপি নেতা তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হলো।
তিনি আরও উল্লেখ করেন, পরিদর্শনের মাধ্যমে রোগীদের ওষুধ প্রাপ্তি ও খাবারের মানসহ চিকিৎসার সার্বিক সমস্যাগুলো সম্পর্কে অবহিত হওয়া গেছে। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আগামী দুই মাসের মধ্যে কাঙ্ক্ষিত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।