সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
প্রতিবন্ধকতা ডিঙিয়ে উচ্চশিক্ষার আলোয় | এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অদম্য ৫ তরুণীর জয়গাথা
অভাব-অনটন ও সামাজিক প্রতিকূলতাকে দূরে ঠেলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিজেদের স্থান করে নিয়েছেন অদম্য একদল নারী শিক্ষার্থী। প্রতিকূল পরিবেশ পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে এগিয়ে যাওয়া এমন অদম্য নারীদের অনুপ্রাণিত করতে আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্ট যৌথভাবে প্রদান করে আসছে ‘অদ্বিতীয়া’ বৃত্তি। সম্প্রতি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ১৫ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়েছে। ২০১২ সাল থেকে ট্রান্সকম গ্রুপের সহযোগিতায় ৪২ জন এবং ২০১৭ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্সের সহায়তায় ১০১ জনসহ মোট ১৪৩ জন শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পেয়েছেন। ইতিমধ্যে ৮৬ জন ছাত্রী স্নাতক শেষ করে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। এমন ৫ অদম্য তরুণীর সংগ্রামের গল্প তুলে ধরা হলো:
চা-বাগানের সীমা পেরিয়ে প্রতিভা নাইডু
মৌলভীবাজারের চা-বাগানের মনোরম পরিবেশে বেড়ে উঠেছেন প্রতিভা নাইডু। মা চা-শ্রমিক এবং বাবা ছোট এক দোকানি। সীমিত আয়ের মধ্যেও সন্তানদের পড়ালেখা বন্ধ হতে দেননি তাঁরা। নারী হয়ে বাইরে পড়তে যাওয়া নিয়ে প্রতিভাকে নানাজনের নানা কটু কথা শুনতে হলেও মা-বাবার অটল বিশ্বাস তাঁকে সাহস জুগিয়েছে। সকল বাঁধা অতিক্রম করে প্রতিভা আজ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের পাশে থাকার পাশাপাশি চা-বাগানের অন্য মেয়েদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে চান তিনি।
বাবার বিশ্বাস ও শিক্ষকদের সহযোগিতায় রাবেয়া সুলতানা
চট্টগ্রামের পাহাড়তলীর ৭০ বছর বয়সী অটোরিকশাচালক বাবার সন্তান রাবেয়া সুলতানা। চরম আর্থিক অনটনে কখনো না খেয়ে, আবার কখনো কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে পৌঁছাতে হয়েছে তাঁকে। তবে শিক্ষকদের সান্নিধ্য ও সহমর্মিতা তাঁর পড়ালেখার গতি থামতে দেয়নি। শিক্ষকেরা প্রায় চার বছর বিনা বেতনে পড়িয়েছেন, এমন কি কলেজের ভর্তি ও বেতনের ব্যবস্থাও করে দিয়েছেন। এইউডব্লিউতে সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ পেলেও পরিবারের ঋণ ও অভাবের চিন্তায় তিনি ব্যাকুল। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে বাবার মুখে হাসি ফোটাতে চান রাবেয়া।
অন্ধকারকে জয় করা রুমী দাস
মৌলভীবাজারের চা-শ্রমিক দম্পতির সন্তান রুমী দাস। শৈশবে বাড়িতে বিদ্যুৎ না থাকায় প্রদীপের আলোতেই চলেছে পড়ার যুদ্ধ। অর্থাভাবে হেঁটে স্কুলে যাতায়াত করতে হলেও বাবার দেওয়া অনুপ্রেরণাই ছিল রুমীর মূল শক্তি। সামাজিক নানা কটূক্তি ও বাধা উপেক্ষা করে বাবা মেয়েকে পড়াশোনা করাতে থাকেন। এইউডব্লিউতে পড়ার সুযোগ পেয়ে বড় স্বপ্ন দেখার সাহস পেয়েছেন রুমী। অদ্বিতীয়া বৃত্তি তাঁর ব্যক্তিগত খরচের চাপ কমাবে বলে তিনি আশাবাদী।
পরিবারের ত্যাগে আলোর মুখ দেখা সংয়া ম্রো
বান্দরবানের রুমা উপজেলার সংয়া ম্রোর শৈশব ছিল সংগ্রামমুখর। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় কাজ করতে গিয়ে বাবার বাঁ হাত ভেঙে গেলে পরিবারের দায়িত্ব পড়ে দিনমজুর মায়ের ওপর। ছোট ভাইবোনের পড়াশোনার খরচ চালাতে গিয়ে বড় দাদা ও দিদি পড়াশোনা ছেড়ে কাজে ঢুকতে বাধ্য হন। অভাবের মধ্যে একসময় পড়ালেখা থেমে যাওয়ার উপক্রম হলেও পরিবারের সদস্যদের অনবদ্য ত্যাগে আজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন সংয়া। পড়ালেখা শেষ করে নিজের পরিবার ও সমাজের কল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য।
প্রযুক্তির সহায়তায় সুমাইয়া আরফিনের পথচলা
চট্টগ্রামের রাউজানের বাসিন্দা সুমাইয়া আরফিনের বাবা এক ক্ষুদ্র ব্যবসায়ী, যাঁর মাসিক আয় মাত্র ৯ থেকে ১০ হাজার টাকা। এই সীমিত আয় থেকে সংসারের খরচ ও সন্তানদের পড়াশোনা চালানো দুঃসাধ্য ছিল। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা সুমাইয়া বন্ধুদের বইয়ের ছবি তুলে এবং ইউটিউবে ভিডিও দেখে নিজের প্রস্তুতি শেষ করেছেন। নিজে টিউশনি করে পড়াশোনার খরচ চালিয়েছেন। ২০২৩ সালে এইউডব্লিউর সামার স্কুলে অংশ নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে পূর্ণ বৃত্তি অর্জন করেন তিনি। অদ্বিতীয়া বৃত্তির অর্থ তাঁর পড়াশোনার আনুষঙ্গিক খরচ মেটাতে সহায়তা করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি
১৭ ঘন্টা আগে
বিবিএ পাসের পরই কি এমবিএ, নাকি আগে প্রয়োজন কাজের অভিজ্ঞতা?
২২ ঘন্টা আগে
মাহাতো সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় গড়ে উঠল বিশেষ কুড়মালি পাঠশালা
১ দিন আগে