চার বছরে ২৮০০ বইয়ের ভাণ্ডার, পাঠক সাড়ে তিনশো: বর্ষপূর্তিতে বই, সংস্কৃতি ও চিন্তার উৎসবে মুখর নিমগ্ন পাঠাগার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চার বছরে ২৮০০ বইয়ের ভাণ্ডার, পাঠক সাড়ে তিনশো: বর্ষপূর্তিতে বই, সংস্কৃতি ও চিন্তার উৎসবে মুখর নিমগ্ন পাঠাগার
মাত্র ৩০-৩৫টি বই আর কয়েকজন বইপ্রেমী মানুষের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল চার বছর আগে। সেই ক্ষুদ্র উদ্যোগ আজ পরিণত হয়েছে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে। বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার আটশোরও বেশি, আর নিয়মিত পাঠকের সংখ্যা সাড়ে তিনশো অতিক্রম করেছে। প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তিতে সেই পথচলার গল্প, অর্জনের স্মৃতি এবং ভবিষ্যতের প্রত্যয় নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলমডাঙ্গার আনন্দধামস্থ নিমগ্ন পাঠাগারের বর্ষপূর্তি অনুষ্ঠান।
শনিবার (৩০ মে) বিকেলে নিমগ্ন পাঠাগার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠক, লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলার আবহ সৃষ্টি হয়। মুনশি মুহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় এবং হাফেজ খালিদ হাসানের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান রানা। এরপর কবিতা আবৃত্তি করেন মাহফুজ মিঞা এবং সঙ্গীত পরিবেশন করেন তাওহিদ খান ও আল ইমরান বকুল।
আলোচনা পর্বে বক্তারা বলেন, একটি পাঠাগারের সাফল্য শুধু বইয়ের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না; বরং তা নির্ধারিত হয় পাঠকের চিন্তায়, প্রশ্নে, আলোচনায় এবং নতুন ভাবনার জন্মে। নিমগ্ন পাঠাগার এ অঞ্চলে পাঠাভ্যাস, মননচর্চা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আলোচনায় অংশ নেন কবি হেলাল উদ্দিন, জন আলফ, ইতিহাস অন্বেষক শাহিন আহমেদ টিটো, খায়রুল ইসলাম, গল্পকার পিন্টু রহমান এবং চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম। সভাপতির সমাপনী বক্তব্যের পর অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নজমুল হেলাল পাঠাগারের বিকাশ, পাঠচর্চার প্রয়োজনীয়তা এবং সমাজে জ্ঞানভিত্তিক সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
পাঠকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালক ইলিয়াস আব্দুল্লাহ ও বেলায়েত হোসেন বিপু। এ সময় স্বরচিত কবিতা পাঠ করেন রাশেদ কিরণ, মাওলানা মাসুদ কামাল ও আতিকুর ফরায়েজী।
অনুষ্ঠানে শিল্পী ওয়াসিফ জামান সোহাগ নিজের আঁকা একটি চিত্রকর্ম নিমগ্ন পাঠাগারকে উপহার দেন। এছাড়া কবি কাজল আহমেদের কাব্যগ্রন্থ ‘মেঘবদল’র মোড়ক উন্মোচন করা হয়। পাঠাগারের পাঠকদের মধ্যে সর্বোচ্চ উপস্থিতি, সর্বোচ্চ বই গ্রহণ এবং সর্বাধিক বই-রিভিউদাতা—এই তিন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। কবি কাজল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকেও বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ‘নিমগ্ন পাঠাগার ম্যাগাজিন’ অতিথিদের উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, পাঠাগারটির অন্যতম সাফল্য নারী পাঠকদের সক্রিয় অংশগ্রহণ। বর্তমানে পাঠকদের প্রায় অর্ধেকই নারী। পাঠাগারকে ঘিরে তাদের নিয়মিত পাঠচর্চা, সেমিনার আয়োজন ও নেতৃত্বদান এ অঞ্চলের সাংস্কৃতিক জগতে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে।
দোয়া পরিচালনা করেন মুফতি মাহদি হাসান। দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কবি কহন কুদ্দুস, তামিম হোসেন ডালিম, মাওলানা নাহিদ বিন শাহিদ, আবু বকর সিদ্দিক, নাদিউজ্জামান রিজভী, ইকবাল বাহার মুকুল, সোহেল রানা, জাহাঙ্গির পিন্টু, মাহবুব সেতুসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
চার বছরের পথচলায় বহু মানুষের শ্রম, সময়, বই ও ভালোবাসা মিশে আছে উল্লেখ করে আয়োজকরা বলেন, নিমগ্ন পাঠাগার কেবল বই ধার দেওয়ার স্থান নয়; এটি জ্ঞান, সংস্কৃতি ও মানবিক চিন্তার এক উন্মুক্ত অঙ্গন, যেখানে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নতুন পাঠক, নতুন প্রশ্ন এবং নতুন স্বপ্ন।