সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শেষ শুটিংয়ে আবেগাপ্লুত তৌসিফ মাহবুব
ছোট পর্দার দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের চিত্রগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) নাটকটির সমাপনী দিনের শুটিং অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন ধরে প্রচারিত এবং সমাদৃত এই নাটকের শেষ দিনে বেশ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় শুটিং সেটে।
নাটকের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘নেহাল’-এর ভূমিকায় অভিনয় করা তৌসিফ মাহবুব শেষ দিনের শুটিংয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি। আনন্দমুখর পরিবেশে শুটিং শেষ হওয়ার কথা থাকলেও, একে অপরের থেকে দীর্ঘদিনের সহযাত্রীদের বিচ্ছেদের বেদনায় বিষাদ নেমে আসে সবার মাঝে।
বিশেষ করে নাটকের আলোচিত চরিত্র ‘পাশা ভাই’ (মারজুক রাসেল)-এর খালি ঘরে একা বসে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তৌসিফ। তিনি জানান, রুমটি সব সময় তাদের প্রিয় আড্ডার জায়গা থাকলেও শেষ দিনে তা খালি হয়ে পড়েছিল। গল্পের সমাপ্তির সঙ্গে সঙ্গে ‘নেহাল’ চরিত্রের যাত্রাও এখানে শেষ হচ্ছে ভেবে তার কথা ভারি হয়ে আসে এবং চোখের কোণে পানি জমে।
গত নয় বছর ধরে নিয়মিত বিরতিতে প্রচারিত এই নাটকের মাধ্যমে তৌসিফসহ পুরো টিম দর্শকদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন পেয়েছে। শুভানুধ্যায়ী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কোটি মানুষের আবেগ জড়িত এই নাটকের শেষ দিনে এসে তিনি সত্যি ভাষায় অনুভূতি প্রকাশ করতে পারছেন না।
শুটিং শেষের বিষয়ে নাটকের পরিচালক কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, “মাঝে মাঝে অনুভূতি প্রকাশ করার ভাষা থাকে না। বিদায়, সিজন ৫।”
উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে তৌসিফ মাহবুব ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, শামীম হাসান সরকার, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন, মুকিত জাকারিয়া, সাবিলা নূর, মনিরা মিঠু, পারসা ইভানা, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন প্রমুখ।