আলমডাঙ্গায় পৃথক অভিযানে নাশকতা, মাদক ও ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পৃথক অভিযানে নাশকতা, মাদক ও ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি, শীর্ষ মাদক ব্যবসায়ীসহ মাদক মামলার তিন আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ অক্টোবর শুক্রবার রাত থেকে ১০ অক্টোবর শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার কৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের রেল জগন্নাথপুর (স্কুলপাড়া) গ্রামের মোশারেফ আলীর ছেলে সাফায়েত আলী (২৮), স্টেশনপাড়া গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩২), গোবিন্দপুর গ্রামের বিশারত আলীর ছেলে সুজন আলী (৩১), ক্যানেলপাড়া এলাকার কাশেমের ছেলে মনিরুল ইসলাম ওরফে বন্টু (৩২) এবং গোবিন্দপুর স্কুলপাড়া গ্রামের নজির উদ্দিনের ছেলে বাধন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাইকপাড়া ক্যাম্পের এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রেল জগন্নাথপুর (স্কুলপাড়া) এলাকায় নিজ বাড়ি থেকে সাফায়েত আলীকে গ্রেফতার করেন। তিনি আলমডাঙ্গা থানার মামলা নং-০৩(৫)২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় দাঙ্গা, মারামারি, হত্যাচেষ্টা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
এদিকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা স্টেশনপাড়া এলাকার গণশৌচাগারের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এসআই আলমগীর কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে রবিউল ইসলামের হেফাজত থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, রবিউল ইসলাম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।
অপরদিকে শুক্রবার রাত ১১টার দিকে গোবিন্দপুর গ্রামের হরিতলা মন্দিরের পেছনে সুজন আলীর বসতবাড়ির উঠানে অভিযান চালায় পুলিশ। এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে অভিযানে সুজন আলীর হেফাজত থেকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারী ট্রায়াল প্রসিকিউশন করা হয়েছে।
এছাড়া শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে আলমডাঙ্গা ক্যানেলপাড়া এলাকা থেকে মনিরুল ইসলাম ওরফে বন্টুকে গ্রেফতার করা হয়। তিনি আলমডাঙ্গা থানার মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
অন্যদিকে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এএসআই জামির আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে গোবিন্দপুর স্কুলপাড়া এলাকা থেকে সিআর-১৭৩/২৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ বাধনকে গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।