আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে আলমডাঙ্গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
পৌরসভা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন-নালা পরিষ্কার এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, শহরকে মশামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ মশাবাহিত নানা রোগের ঝুঁকি বাড়ায়। তাই ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পৌরসভা সূত্রে জানা গেছে, নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, পৌরসভার স্টাফ মোস্তাক, মামুন, হাফিজুর রহমান, আবু সায়েম প্রমুখ।