আলমডাঙ্গায় ফের সরকারি সার কেলেঙ্কারি: ডিলারই কি একমাত্র দায়ী, নাকি জবাবদিহির বাইরে কৃষি বিভাগের একাংশও?
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ফের সরকারি সার কেলেঙ্কারি: ডিলারই কি একমাত্র দায়ী, নাকি জবাবদিহির বাইরে কৃষি বিভাগের একাংশও?
রহমান মুকুল: আলমডাঙ্গায় সরকারি সার নিয়ে অনিয়ম যেন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একের পর এক অভিযোগে এটি একটি উদ্বেগজনক ধারাবাহিকতায় রূপ নিচ্ছে। কয়েক দিনের ব্যবধানে একাধিক ইউনিয়নে সার পাচার ও অবৈধ বিক্রির অভিযোগের পর এবার আইলহাঁস ইউনিয়নে স্থানীয়দের হাতে ১২ বস্তা সরকারি বাংলা ডিএপি সার আটক হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা শিহাব উদ্দিনকে অবরুদ্ধ করে রাখে এবং তাকে মারধরের ঘটনাও ঘটে। পরে কৃষি বিভাগ ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসব ঘটনা কৃষি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আইলহাঁস ইউনিয়নের বিসিআইসি সার ডিলার পয়েন্ট থেকে বিভিন্ন সময়ে প্রায় ৬২ বস্তা ইউরিয়া ও ডিএপি সার নাগদাহ ইউনিয়নের জাঁহাপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিকেল ৫টার দিকে পাইকপাড়া-জাঁহাপুর সড়কে স্থানীয়রা একটি পাখিভ্যান আটক করে। ভ্যান থেকে ১২ বস্তা সরকারি বাংলা ডিএপি সার উদ্ধার করা হয়।
আটক পাখিভ্যানের চালক আকাশ স্থানীয়দের জানান, পাইকপাড়ার সার ডিলারের গুদাম থেকে ম্যানেজার মামুন তাকে ১২ বস্তা সার জাঁহাপুর এলাকার ব্যবসায়ী মিঠুর কাছে পৌঁছে দিতে বলেন। একই দিন দুপুরেও তিনি ২০ বস্তা সার পৌঁছে দিয়েছেন বলেও দাবি করেন।
স্থানীয় কৃষক সবুজ, শাহিন, ওয়াসিম, লাটিমসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ডিলারের কাছে সার কিনতে গেলে প্রায়ই "সার নেই" বলে ফিরিয়ে দেওয়া হয়। অত্যন্ত বাজে আচরণ করা হয়। অথচ সেই সার অন্য এলাকায় বিক্রি বা পাচার করা হচ্ছে অধিক মুনাফার লোভে। তাদের অভিযোগ, ডিলার পয়েন্টের ম্যানেজার মামুন কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এর আগেও কয়েকজনকে মারধর করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা আইলহাঁস ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা শিহাব উদ্দিনকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তাকে মারধরের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে খবর পেয়ে আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. উদয় রহমান, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং ঘোলদাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. উদয় রহমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ডিলারের সার মজুদ ও বিক্রির হিসাব যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ডিলার পয়েন্টের দায়িত্বে থাকা ম্যানেজার মামুনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
এদিকে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আইলহাঁস ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মাসুদুজ্জামান লিটু বিশ্বাস প্রায় দুই বছর ধরে পলাতক। এই সময়ের মধ্যে তার নামে ইস্যুকৃত ডিলারশিপ লাইসেন্স ব্যবহার করে ম্যানেজার মামুন মাসিক চুক্তির ভিত্তিতে অবৈধভাবে সার ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। যদি এ অভিযোগ সত্য হয়, তাহলে ডিলারশিপ পরিচালনার বৈধতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে। এলাকাবাসীর প্রশ্ন গত দুই বছর লিটু পলাতক। বিষয়টি জেলার সকলেই অবহিত। তাহলে কৃষি অধিদপ্তর কীভাবে তার ডিলারশীপ কার্যকর রেখেছেন? কার স্বার্থে?
এটি শুধু নীতিমালার লঙ্ঘন নয়, সরকারি সার বিতরণ ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে।
উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নে সরকারি সার গোপনে পাচারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বিসিআইসি ডিলারের ছেলে সাদ্দাম হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার কথা জানানো হয়।
ইতোপূর্বে ভাংবাড়িয়া, মুন্সিগঞ্জ জেহালা ও নাগদাহ ইউনিয়নে অধিক মুনাফাখোর ডিলাররা অন্যত্র পাচার করার সময় সার আটক করা হয়। অভিযোগ রয়েছে নামমাত্র জরিমানা দিয়ে সংশ্লিষ্ট ডিলাররা পাক সাফ হয়ে নতুন করে পাচার অব্যাহত রাখেন।
একই উপজেলার একের পর এক ঘটনায় প্রশ্ন জাগে—এগুলো কি কেবল বিচ্ছিন্ন অনিয়ম, নাকি দীর্ঘদিন ধরে চলা একটি অসাধু চক্রের অপকর্মের অংশ?
সবচেয়ে বড় প্রশ্নটি উঠছে কৃষি বিভাগের মাঠপর্যায়ের তদারকি নিয়ে।সরকারি সার বিতরণ, মজুদ ও বিক্রির ওপর নিয়মিত নজরদারির দায়িত্ব যাদের, তাদের অজান্তে এমন কর্মকাণ্ড সংঘটিত হওয়া কতটা বিশ্বাসযোগ্য—সেটি এখন জনমনে প্রশ্নের উদ্রেকের বিষয়।
কৃষকদের একাংশের দাবি, আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়নে বারবার সার পাচারের অভিযোগ ওঠা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের বদলি পর্যন্ত করা হয়না। কৃষকদের প্রশ্ন, দিনের পর দিন সরকারি সার অন্যত্র চলে গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কীভাবে তা জানতে পারেন না? আইলহাঁস ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা শিহাব উদ্দিন, ভাংবাড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং মুন্সিগঞ্জ-জেহালা, নাগদাহ এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি, করা হয়নি ন্যুন্যতম বদলি।
একের পর এক সার কেলেঙ্কারির ঘটনায় আলমডাঙ্গার কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, শুধু ডিলারের বিরুদ্ধে নয়, দায়িত্বে অবহেলা বা যোগসাজশের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
সরকার কৃষকদের স্বার্থে প্রতি বছর বিপুল ভর্তুকি দিয়ে সার সরবরাহ করে। সেই সার যদি কৃষকের পরিবর্তে অসাধু ব্যবসায়ীদের হাতে চলে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হন প্রকৃত কৃষক, ব্যাহত হয় কৃষি উৎপাদন এবং অপচয় হয় রাষ্ট্রের অর্থ।
কৃষি বিভাগের আশ্বাস অনুযায়ী তদন্ত অবশ্যই হতে হবে। তবে শুধু একটি ঘটনার তদন্ত নয়; আলমডাঙ্গার সার বিতরণ ব্যবস্থার সামগ্রিক নিরীক্ষা, সব ডিলারের মজুদ ও বিক্রির হিসাব যাচাই এবং দায়িত্বে অবহেলা বা যোগসাজশ প্রমাণিত হলে ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তা—উভয়ের বিরুদ্ধেই সমানভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সরকারি সার কোনো ব্যক্তির সম্পদ নয়; এটি কৃষকের অধিকার। সেই অধিকার রক্ষায় কঠোর নজরদারি, স্বচ্ছতা এবং জবাবদিহির বিকল্প নেই।