আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ৫০ বস্তা সার জব্দের ঘটনায় মামলা দায়ের : মূল অভিযুক্ত মিনারুল পলাতক
লাইসেন্স নেই, বিসিআইসির ডিলারশিপ নেই, তবুও প্রায় ৩০ বছর ধরে চলছে সার ব্যবসা! একবার ৪৪০ বস্তা সার জব্দের পর মাত্র ৩০ হাজার টাকা জরিমানা দিয়েই আবারও একই কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারের মনিরুল স্টোরের মালিক মিনারুল ইসলামের বিরুদ্ধে। এবার নওদা হাঁপানিয়া থেকে তাঁর ৫০ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হলেও মূল অভিযুক্ত মিনারুল রয়েছেন পলাতক।
রোববার (৮ নভেম্বর) সকালে নওদা হাঁপানিয়া এলাকায় ইঞ্জিনচালিত লাটাহাম্বারে অবৈধভাবে সার পরিবহনের সময় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা গাড়িটি আটক করে পুলিশে খবর দেন। পরে হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের এএসআই প্রবাস কুমার ৫০ বস্তা সারসহ গাড়ি ও গাংনীর হাসান নামে এক সার ক্রেতাকে আটক করেন। জব্দ করা সারের মধ্যে ২০ বস্তা ডিএপি, ২৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা টিএসসি রয়েছে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর কয়রাডাঙ্গা থেকে মিনারুলের ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছিল পুলিশ। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু সেই জরিমানাও যেন তাঁকে থামাতে পারেনি।
মুঠোফোনে মিনারুল নিজেই স্বীকার করেছেন, প্রায় ৩০ বছর ধরে লাইসেন্স ছাড়াই সার ব্যবসা করছেন। তিনি বিসিআইসির অনুমোদিত ডিলারও নন। বিভিন্ন স্থান থেকে সার কিনে বিক্রি করেন বলে দাবি তাঁর।
আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ৫০ বস্তা সার ক্রেতা গাংনী উপজেলার হাসান আটক থাকলেও মূল আসামি মিনারুল পলাতক।
একই ব্যক্তির সার দুই দফায় জব্দ, অথচ আগের ঘটনায় সামান্য জরিমানার পর আবারও একই অভিযোগ—এতে প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। কৃষকদের প্রশ্ন, লাইসেন্স ছাড়া ৩০ বছর ধরে কীভাবে ব্যবসা চলে? জরিমানা কি অবৈধ ব্যবসার জন্য এক ধরনের ছাড়পত্র? এবারও কি আইনের ফাঁক গলে পার পেয়ে যাবেন মিনারুল?
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ও আহত ৫ পরিবারের আর্থিক সহায়তার আবেদন যাচাই-বাছাই
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় সমবায় ও পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
১৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
১৭ ঘন্টা আগে