আলমডাঙ্গার শ্রীনগর-নারায়ণপুর দরবারে গণি শাহর ৮৭তম জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার শ্রীনগর-নারায়ণপুর দরবারে গণি শাহর ৮৭তম জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক
আলমডাঙ্গার শ্রীনগর-নারায়ণপুর দরবার শরীফে মুশকিল কোষা গঞ্জেশাফা সাইফুল আদব বেনিয়াজ কলন্দর শাহ্ সুফি হযরত বাবা গণি ওয়াইজ (রহ.)-এর ৮৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দরবার শরীফ চত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ বলেন, সমাজে নানা মত ও বিশ্বাসের মানুষ বসবাস করেন। মতের ভিন্নতা থাকলেও মানুষ হিসেবে সবার পরিচয় এক। তাই ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে হবে। শান্তি ও সহনশীলতার পথ অনুসরণ করতে হবে।
তিনি দরবার শরীফের ভক্ত, পরিচালনা কমিটি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান সফল করতে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় তিনি এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলেন, ৩৮০টি ব্রিজ-কালভার্ট ও ৩৫০টি রাস্তা নির্মাণের প্রস্তাব একনেকে জমা দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রীনগর-নারায়ণপুর দরবার শরীফের সৌন্দর্যবর্ধন ও যাতায়াতের সুবিধার্থে জেলা পরিষদের পক্ষ থেকে প্রবেশদ্বার ও মূল সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর-নারায়ণপুর দরবার শরীফের সভাপতি ও জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ্। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা, জাসাস নেতা সেলিম, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, জামজামি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সাবেক সভাপতি রফি উদ্দিন, দরবার কমিটির সহসভাপতি আজলুর রহমান, ইলিয়াস হোসেন, তাহাজ উদ্দিন ও আহসান লস্কর।
এ ছাড়া সহসম্পাদক হামিদ মাস্টার, ক্যাশিয়ার জহুরুল ইসলাম, সদস্য রাহুল, ব্রিটিশ, আনান্দ ও হায়দার উপস্থিত ছিলেন। দরবার কমিটির সাধারণ সম্পাদক খোয়াজ আলী মাস্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, সহসভাপতি হুমায়ন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম মিল্টন, উপজেলা ওলামাদলের সহসভাপতি ডা. আল মামুন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফারুক হোসেন, সম্পাদক ডা. কালাম, জেলা যুবদলের সদস্য শাফায়েত, সাবেক মেম্বার ফরিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসানুজ্জামান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব শামীম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনসহ দরবার শরীফের খাদেমরা।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, গণি শাহর ৮৭তম জন্মদিন উপলক্ষে কয়েক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মূল জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া-মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে।