আলমডাঙ্গা কুমার নদের পাড়ের গাছ কেটে কি দখলের পথ তৈরি হচ্ছে? থানায় অভিযোগ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা কুমার নদের পাড়ের গাছ কেটে কি দখলের পথ তৈরি হচ্ছে? থানায় অভিযোগ
কুমার নদের তীরে বড় হয়ে ওঠা একটি বটগাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। আলমডাঙ্গায় পুরাতন সাদাব্রিজসংলগ্ন নদীতীরে স্থানীয় দোকানদার ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে লাগানো গাছটির এমন পরিণতিতে পরিবেশপ্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগসূত্রে জানা যায়, কুমার নদের পুরাতন সাদাব্রিজের বাম পাশে নদীর তীরে কয়েক বছর ধরে বিভিন্ন ফলদ ও ছায়াবৃক্ষের চারা লাগানো হচ্ছে। এর মধ্যে একটি বটগাছ যত্নে বেড়ে প্রায় ১২ থেকে ১৫ ফুট উচ্চতায় পৌঁছেছিল। গত ১৪ সেপ্টেম্বর রাতে কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা গাছটি কেটে ফেলে।
যারা গাছটি লাগিয়েছিলেন, তাদের প্রত্যাশা ছিল—সময় গড়ালে বটগাছটি নদীতীরে বড় ছায়াবৃক্ষ হয়ে উঠবে। পাখি ও অন্যান্য প্রাণীর আশ্রয়স্থল তৈরির পাশাপাশি নদীর পাড়ের পরিবেশও কিছুটা সবুজ ও ছায়া সুনিবিড় হবে। সেই উদ্যোগের মাঝেই গাছটি কেটে ফেলায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
তবে অভিযোগকারীদের উদ্বেগ শুধু একটি গাছ কেটে ফেলার ঘটনায় সীমাবদ্ধ নয়। তাদের আশঙ্কা, কুমার নদের তীরের সরকারি জমি দখলের সুযোগ তৈরির চেষ্টা থাকতে পারে। নদীতীরে ইতোপূর্বেও কয়েকটি গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন। ফলে গাছ কাটার ঘটনাগুলো বিচ্ছিন্ন কি-না, এর পেছনে কোনো বৃহত্তর উদ্দেশ্য আছে কি-না—তা তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারা।
জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সাধারণ সম্পাদক আরাফাত রহমান ও ‘আমাদের আলমডাঙ্গা’র অ্যাডমিন বুলবুল আহাম্মেদ পৃথক অভিযোগে গাছ কাটার ঘটনা তদন্ত করে দায়ীদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। অভিযোগের সঙ্গে গণস্বাক্ষর করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জনসংযোগ সম্পাদক স্বাধীন আলীসহ স্থানীয় বাসিন্দারা।
নদীর তীরের সরকারি জমি ও সেখানে গড়ে ওঠা সবুজ রক্ষা করতে এখনই প্রশাসনিক নজরদারি জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। কারণ একটি গাছ কেটে ফেলার ঘটনাকে ছোট করে দেখলে ভবিষ্যতে একই জায়গায় আরও গাছ কাটা কিংবা সরকারি জমি দখলের সুযোগ তৈরি হতে পারে। অভিযোগের সত্যতা যাচাই, নদীতীরের জায়গার অবস্থান ও ব্যবহার সরেজমিনে দেখা এবং গাছ কাটার সঙ্গে দখলের কোনো যোগসূত্র আছে কি-না খতিয়ে দেখার দায়িত্ব এখন সংশ্লিষ্ট প্রশাসনের।
অভিযোগকারীরা জানান, কুমার নদের তীরে রোপণ করা গাছগুলো তারা নিজেদের উদ্যোগে পরিচর্যা করে আসছেন। নদীতীরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এসব উদ্যোগ অব্যাহত রাখতে গাছ কাটা বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।