সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে সাংবাদিকের মোটরসাইকেল চুরি | ৩ মাস পর চিহ্নিত অপরাধী সবুজ হোসেন গ্রেপ্তার
ঝিনাইদহ, ১১ অক্টোবর, ২০২৬: দীর্ঘ তিন মাস ১১ দিন পর অবশেষে ঝিনাইদহে সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে সবুজ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ হোসেন (৩০) ঝিনাইদহ শহরের চুটুলিয়া গ্রামের গোলাপ হোসেন বিশ্বাসের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা, চুরি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, ৭১টিভি ও দৈনিক আগামীর সময়-এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক রাজিব হাসানের একটি পালসার মডেলের মোটরসাইকেল গত ৩১ জুলাই শহরের আরাপপুর এলাকায় তার নিজ বাসার সামনে থেকে চুরি হয়ে যায়। দিনের বেলায় সংঘবদ্ধ চোরেরা মোটরসাইকেলটির তালা ভেঙে নিয়ে গিয়েছিল। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করা হলেও, তাকে ধরতে এতদিন সময় লেগেছে।
ভুক্তভোগী সাংবাদিক রাজিব হাসান সেসময় ঝিনাইদহ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মামলাটির তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তা সুকান্ত কর্মকার ও মারুফ হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল চোরকে শনাক্ত এবং গ্রেপ্তারে কাজ করছিল। ঘটনার পর থেকেই চোর এলাকা ছেড়ে পালিয়েছিল। তিনি আরও জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজের সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তির চেহারার মিল পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে। পুলিশ আশা করছে, তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হবে।
এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত সবুজের বিরুদ্ধে এর আগেও তিনটি মামলা রয়েছে। হত্যা, চুরি ও মাদক সংক্রান্ত এসব মামলায় তিনি পূর্বে কারাবাসও করেছেন। জামিনে মুক্তি পাওয়ার পর সে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। পুলিশ সুপার আরও যোগ করেন, সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।