সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সন্তানের ভবিষ্যৎ শিক্ষায় সুরক্ষা | শিক্ষাবিমা কেন জরুরি ও কীভাবে করবেন?
আপনার সন্তানের বয়স হয়তো এখন আট বছর। তার প্রাথমিক পড়াশোনা চলছে। কিন্তু ভবিষ্যতের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে কি আপনি চিন্তিত? আজ যে টাকায় সন্তানের পড়াশোনা চলছে, আগামী ১০ বা ১৫ বছর পর হয়তো সেই টাকায় একটি সেমিস্টারের খরচও মেটানো কঠিন হবে। এর সঙ্গে বইপত্র, যাতায়াত, আবাসন ও আনুষঙ্গিক অন্যান্য খরচ তো আছেই।
মধ্যবিত্ত পরিবারের অনেক অভিভাবক সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ব্যাংকে সঞ্চয় করেন অথবা বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করেন। কিন্তু পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যু বা স্থায়ী অক্ষমতা দেখা দিলে সেই সঞ্চয় পরিকল্পনা কতটা কার্যকরী থাকবে? নিয়মিত আয় বন্ধ হয়ে গেলে সন্তানের উচ্চশিক্ষার ব্যয়ভার কে বহন করবে?
এই সকল দুশ্চিন্তার একটি কার্যকর সমাধান হতে পারে শিক্ষাবিমা। শিক্ষাবিমার প্রধান বৈশিষ্ট্য হলো, এটি একই সঙ্গে সঞ্চয় ও আর্থিক নিরাপত্তা প্রদান করে। নির্দিষ্ট সময় ধরে প্রিমিয়াম পরিশোধ করলে মেয়াদ শেষে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পাওয়া যায়, যা সন্তানের শিক্ষার জন্য ব্যয় করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিমাকারীর (সাধারণত বাবা বা মা) মৃত্যু হলেও পলিসিটি সচল থাকে। ফলে পরিবারের এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয় না। নির্দিষ্ট সময় পরপর তাদের এই অর্থ প্রদান করা হয়।
শিক্ষাবিমা কেন অপরিহার্য?
দেশের অর্থনীতি বড় হলেও শিক্ষা খাতে সরকারি ব্যয় তুলনামূলকভাবে প্রত্যাশিত হারে বাড়েনি, যার ফলে শিক্ষার সামগ্রিক খরচ বেড়েই চলেছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যবই পাওয়া গেলেও অন্যান্য সব খরচ এড়ানো কঠিন। টিউশন, কোচিং, বই, খাতা, পোশাক, যাতায়াত, পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মিলিয়ে অভিভাবকদের নিয়মিত মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়।
বর্তমানে অনেক শিক্ষার্থীকে কোচিং সেন্টারের ওপর নির্ভর করতে হয়, যা অভিভাবকদের জন্য একটি বড় আর্থিক চাপ। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো না গেলে তো খরচের পরিমাণ আরও বাড়ে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনার খরচ অনেক বেশি। দেখা যায়, ঢাকায় একজন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর পেছনে মাসে ১৫-২০ হাজার টাকা খরচ হয়ে যায়। এমন পরিস্থিতিতে শিক্ষাব্যয়ের সুরক্ষা থাকলে পরিবারের জন্য তা অত্যন্ত স্বস্তিদায়ক হতে পারে।
বিমা করার সময় যা লক্ষ্য রাখবেন
শিক্ষাবিমা করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। এর মধ্যে রয়েছে বিমা কোম্পানির বিশ্বাসযোগ্যতা, পলিসির ধরন ও প্রাপ্ত সুবিধা, প্রিমিয়ামের পরিমাণ ও পরিশোধ পদ্ধতি, মেয়াদ শেষে রিটার্ন বা সঞ্চয় সুবিধা, রাইডার (অতিরিক্ত সুবিধা) এবং বিমাকারীর মৃত্যুর পরের সুবিধাগুলো।
কিছু কাজ থেকে বিরত থাকাও জরুরি। যেমন—শুধুমাত্র এজেন্টের কথা শুনে সিদ্ধান্ত না নেওয়া (নিজেরা পলিসির শর্তাবলী ভালোভাবে পড়ুন ও প্রশ্ন করুন), প্রিমিয়াম ও মুনাফার হিসাব না বুঝে সই করা, নথিপত্র ভালোভাবে না পড়ে ফরমে স্বাক্ষর করা এবং নমিনির ঘর খালি না রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিমা ও ব্যাংক সঞ্চয়ের পার্থক্য বোঝা। বিমা মানুষকে নির্ধারিত কিছু ঘটনার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা দেয় এবং এর সঙ্গে কিছুটা সঞ্চয়ও থাকে। অন্যদিকে, ব্যাংক শুধুমাত্র সঞ্চয় ও মুনাফা দেয়, গ্রাহকের মৃত্যু বা দুর্ঘটনার জন্য কোনো বিশেষ সুবিধা দেয় না।
বিভিন্ন কোম্পানির সুবিধা
বাংলাদেশের প্রধান কয়েকটি বিমা কোম্পানি শিক্ষাবিমা পরিষেবা প্রদান করে থাকে। সরকারি প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, মেটলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডসহ প্রায় সব প্রতিষ্ঠানই এই সেবা দেয়। এই পলিসিগুলোতে সাধারণত বাবা বা মা একজন পলিসিধারী হিসেবে নির্ধারিত মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম জমা করেন। মেয়াদ শেষে সন্তানের শিক্ষার খরচের জন্য এককালীন অর্থ দেওয়া হয়। যদি পলিসির মেয়াদের মধ্যেই অভিভাবকের মৃত্যু হয়, তাহলে বাকি প্রিমিয়াম মওকুফ করে দেওয়া হয় এবং আর কোনো টাকা জমা দিতে হয় না। মেয়াদ শেষে সন্তান সম্পূর্ণ অর্থ লাভ করে। কিছু ক্ষেত্রে অভিভাবকের মৃত্যুর পরপরই নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হয়।
ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, পলিসির মেয়াদ শেষে অথবা বিমাগ্রহীতার অকালমৃত্যুর ক্ষেত্রে জমাকৃত অর্থ থেকে বার্ষিক ভাতা আকারে চার মাস পরপর টাকা দেওয়া হবে। যেহেতু শিক্ষার খরচ প্রতিবছর বাড়ছে, তাই এই বার্ষিক ভাতার পরিমাণও প্রতিবছর ৭ শতাংশ চক্রবৃদ্ধি হারে বাড়বে, যা সন্তানের ভবিষ্যতের প্রয়োজন মেটাতে সাহায্য করবে।
মেটলাইফের শিক্ষাবিমা সম্পর্কে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে পলিসি-গ্রহীতার মৃত্যু হলে যেসব সুবিধা দেওয়া হবে, সেগুলো হলো—১. কোনো দায় থাকলে তা বাদ দিয়ে বিমার পুরো টাকা এককালীন প্রদান। ২. সন্তানের শিক্ষা অব্যাহত রাখতে পলিসির মেয়াদপূর্তির এক মাস আগপর্যন্ত প্রতি মাসে বিমা অঙ্কের ২ শতাংশ হারে সুবিধা। ৩. বিমা সুবিধার মেয়াদ পর্যন্ত পলিসি চালু থাকবে এবং পলিসির পরবর্তী সব প্রিমিয়াম মওকুফ করা হবে। পাশাপাশি মেয়াদপূর্তির সুবিধাও থাকবে।
দেশের নতুন প্রজন্মের বিমা কোম্পানি গার্ডিয়ান লাইফের সরাসরি শিক্ষাবিমা না থাকলেও তারা শিশু সুরক্ষা বিমা দিচ্ছে। এই পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদপূর্তির আগে প্রিমিয়ামদাতা (পিতা বা মাতা) মারা গেলে শিশু কয়েকটি বিশেষ সুবিধা পাবে। এ ক্ষেত্রে মূল বিমা অঙ্কের ১৫ শতাংশ এককালীন নগদ অর্থ দেওয়া হবে। পাশাপাশি বিমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে মূল বিমা অঙ্কের ১ শতাংশ বৃত্তি দেওয়া হবে। ভবিষ্যতের সব প্রিমিয়ামও মওকুফ হয়ে যাবে। মেয়াদ শেষে শিশুটি অর্জিত বোনাসসহ সম্পূর্ণ মূল বিমা অঙ্ক পাবে।
বিমা করার প্রক্রিয়া
বিমা করতে চাইলে সরাসরি বিমা কোম্পানির কার্যালয়ে যোগাযোগ করা সবচেয়ে ভালো। এছাড়া, বিমা প্রতিনিধির মাধ্যমেও বিমা করা যায়। মনে রাখবেন, যেকোনো ধরনের আর্থিক লেনদেন অ্যাকাউন্ট পেয়ি চেকের মাধ্যমে করা উচিত। বর্তমানে অনেক কোম্পানি ই-প্রিমিয়ামের সুবিধা দিচ্ছে। ফলে গ্রাহকদের এখন আর অফিসে গিয়ে বা বিমা প্রতিনিধির মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করতে হয় না; বরং তারা ঘরে বসেই ক্রেডিট বা ডেবিট কার্ড এবং বিকাশের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করতে পারেন। এছাড়াও, বিমার মেয়াদ, অঙ্ক ও বিমাগ্রহীতার বয়সসহ বিভিন্ন তথ্য দিয়ে প্রিমিয়াম হিসাব করার সুবিধাও অনেক কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ইউজিসির বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়
৩ ঘন্টা আগে
গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানের দক্ষ করতে ইউজিসির ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
১ দিন আগে