রামদিয়ার পুরাতন বটতলায় ওয়াই আকৃতির রাস্তা বাদ দিয়ে নির্মাণকাজে ক্ষুব্ধ এলাকাবাসী: ইউএনওর কাছে অভিযোগ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রামদিয়ার পুরাতন বটতলায় ওয়াই আকৃতির রাস্তা বাদ দিয়ে নির্মাণকাজে ক্ষুব্ধ এলাকাবাসী: ইউএনওর কাছে অভিযোগ
আলমডাঙ্গা উপজেলার রামদিয়া পুরাতন বটতলা থেকে নওলামারি সড়ক পর্যন্ত সংযোগ সড়কে বিদ্যমান পুরাতন ওয়াই আকৃতির রাস্তার পরিবর্তে একপাশ দিয়ে রাস্তা নির্মাণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দিয়েছেন নওলামারি ও রামদিয়া এলাকার স্থানীয় বাসিন্দারা।
অভিযোগসূত্রে জানা যায়, রামদিয়া থেকে নওলামারি সড়কের রামদিয়া পুরাতন বটতলা এলাকায় দীর্ঘদিন ধরে একটি বটগাছকে কেন্দ্র করে ওয়াই আকৃতির রাস্তা রয়েছে। পুরাতন বটগাছটির দুই পাশ দিয়েই স্থানীয় মানুষ বহু বছর ধরে চলাচল করে আসছেন। কিন্তু বর্তমানে নতুন রাস্তা নির্মাণের সময় রোডের ওয়াই শেপ বাদ দিয়ে বটগাছ ও পাশের একটি গভীর পুকুরের মধ্যবর্তী সংকীর্ণ অংশ দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, বটগাছ থেকে অল্প দূরত্বে পানি উন্নয়ন বোর্ডের একটি ব্রিজ রয়েছে। বটগাছ ও গভীর পুকুরের মাঝ দিয়ে রাস্তা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সময় পুকুরের পাশের অংশ ভেঙে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে, যা পথচারী ও যানবাহন চলাচলের জন্য হুমকি সৃষ্টি করবে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বটগাছের অপর পাশে সরকারি রাস্তার পর্যাপ্ত জমি বিদ্যমান রয়েছে। ফলে বটগাছের দুই পাশ দিয়েই পূর্বের মত ওয়াই শেপ রাস্তা নির্মাণ করা সম্ভব। এতে সাধারণ মানুষের চলাচল সহজ হবে, সড়ক দীর্ঘস্থায়ী হবে এবং ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
তারা বলেন, রাস্তাটির সংযোগ সড়কের মুখে রামদিয়া পুরাতন বটতলা এলাকায় সরকারি ম্যাপ অনুযায়ী প্রায় ৬০ ফুট জায়গা আছে। অপরদিকে, রামদিয়া বাজার সংলগ্ন রামদিয়া-খাসকররা সড়কের ত্রিমোহনীতে ৪০ ফুট জায়গার মধ্যে ওয়াই আকৃতির সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। ৪০ ফিট জায়গায় ওয়াই শেপ রোড নির্মাণ সম্ভব হলে ৬০ ফিট প্রশস্তে কেন নয়?
উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ জানান, "এ রাস্তাটি কয়েকবার পরিদর্শন করা হয়েছে। রাস্তা মাঝখানে একটি বটগাছ আছে। বটগাছের একপাশে রাস্তার জায়গা বেশি রয়েছে। সেজন্য পুকুরের পাড় দিয়ে রাস্তা নশকা করা হয়েছে। পুকুরের মধ্যে রাস্তা যেন ভেঙ্গে না যায় সেজন্য প্যালাসাইড দেওয়া হবে। বটগাছের অন্যপাশে রাস্তা জায়গা কম আছে। তবে এলাকাবাসি যদি বটগাছের এপাশে জায়গা করে দিয়ে পারে তাহলে রাস্তা নির্মাণ করে দেওয়া হবে।"
জন আকাঙ্খার সাথে সঙ্গতি বিধান করে এলাকাবাসী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাস্তা নির্মাণের বর্তমান পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনস্বার্থ, নিরাপদ চলাচল এবং দীর্ঘমেয়াদি সড়ক ব্যবস্থাপনার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ঘটনাস্থল পরিদর্শন করে বাস্তব অবস্থা যাচাই করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
স্থানীয়দের মতে, বটগাছের দুই পাশ দিয়ে বিদ্যমান ওয়াই আকৃতির রাস্তা বহাল রেখে উন্নয়ন কাজ সম্পন্ন করা হলে পথচারী ও যানবাহন উভয়ের চলাচল আরও নিরাপদ ও সুবিধাজনক হবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে দুর্ঘটনা ও সড়ক ক্ষতির আশঙ্কাও কমে আসবে। তাই দীর্ঘদিনের প্রচলিত রাস্তার কাঠামো অক্ষুণ্ন রেখে উন্নয়ন কাজ বাস্তবায়নের দাবি এলাকাবাসীর।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
১৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৪৭ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে