সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত
মেহেরপুরের মুজিবনগরে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিতকরণ, উন্নয়ন এবং তাদের ব্যবসায়িক উদ্যোগগুলোকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ‘উদ্যোগ (UDYOG)’ শীর্ষক কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের বিভিন্ন ব্যাংকের সম্মিলিত আয়োজনে এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
'উদ্যোগ' কর্মসূচির প্রধান লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের অভিনব ব্যবসায়িক ধারণাগুলোকে চিহ্নিত করা এবং প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
কর্মশালায় আগত তরুণদের নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করা হয়। একইসাথে, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো এবং ব্যাংক ব্যবস্থার মাধ্যমে কীভাবে আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে, সে সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) মুজিবনগর শাখার ব্যবস্থাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব।
প্রধান আলোচক এবং বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কার্যালয়ের যুগ্ম পরিচালক আশেক বিল্লাহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, মেহেরপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক প্রহলাদ কুমার হোড়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি মেহেরপুর শাখার ব্যবস্থাপক আহসান হাবিব, বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক মনিরুল আলম এবং মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স।
আয়োজক সূত্র জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী তরুণ-তরুণীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের আবেদন জমা দিতে পারবেন।
প্রাথমিকভাবে আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ৫০ জন উদ্যোক্তাকে নির্বাচন করা হবে। এরপর তাঁদের বাংলাদেশ ব্যাংকের একটি ভাইভা বোর্ডের সামনে তাদের ব্যবসায়িক ধারণা উপস্থাপন করতে হবে। এই সাক্ষাৎকার পর্ব শেষে উপজেলা থেকে চূড়ান্তভাবে ১০ জন নতুন উদ্যোক্তাকে নির্বাচন করা হবে। নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগের ধরন অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে, যার অর্ধেক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে প্রদান করা হবে।
কর্মশালাটি সফলভাবে সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি কোমরপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক নুরুজ্জামান।
সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, এই কর্মসূচির মাধ্যমে মুজিবনগর উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবেন। এর ফলে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব হ্রাস পাবে এবং এলাকার অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।