সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অনলাইন জুয়া রুখতে কঠোর অবস্থানে নবাগত এসপি
মেহেরপুরের নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, সারা বাংলাদেশের মতো মেহেরপুরেও কিশোর গ্যাং একটি বড় সমস্যা। মাদক, জুয়া এবং অন্যান্য অপরাধের পাশাপাশি কিশোর গ্যাংয়ের অপরাধের বিরুদ্ধে সমানভাবে অভিযান চালানো হবে।
রবিবার বিকেলে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সদস্যদের আচরণ, কার্যক্রম, কর্তব্যে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগের ঘোষণা দেন পুলিশ সুপার। তিনি জোর দিয়ে বলেন, “কারো বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ আসে, তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমি প্রতিটি থানায় এবং প্রতিটি সদস্যের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছি। আমাদের থানাগুলোকে সেবা কেন্দ্রে পরিণত করতে হবে এবং প্রত্যেকটি সদস্যের আচার-ব্যবহার হবে পেশাদারিত্বের মধ্যে। এখানে অপেশাদার আচরণ বা দুর্নীতি সহ্য করা হবে না।”
মহাসড়কে তিন চাকার যান চলাচল প্রসঙ্গে তিনি জানান, মহাসড়কে কোনোভাবেই থ্রি-হুইলার বা ইজিবাইক প্রবেশ করতে দেওয়া হবে না। এটি বন্ধের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সড়কে যেসব ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করে, সেগুলোকে সুশৃঙ্খলভাবে আইন মেনে চলতে বাধ্য করার চেষ্টা অব্যাহত আছে। পার্কিংয়ের জায়গা ও টার্মিনালের অভাবে সড়কে যানজট এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হয় উল্লেখ করে তিনি বলেন, এসব ব্যাপারেও আমরা সতর্ক আছি এবং কাজ করে যাচ্ছি। তার বিশ্বাস, সকল ক্ষেত্রে অচিরেই দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।
অনলাইন জুয়া দমনে নিজের অবস্থান স্পষ্ট করে নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, “এই জেলায় ইতিমধ্যে অনলাইন জুয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলা রুজু হয়েছে এবং অনেক আসামি গ্রেফতার হয়েছে। অনলাইন জুয়ার কোনো সীমানা নেই, এটা শুধু মেহেরপুরের মধ্যে সীমাবদ্ধ নয়, তবে মেহেরপুরে এর প্রবণতা বেশি বলে আমি তথ্য সংগ্রহ করেছি। রুজু হওয়া মামলাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, এই মামলার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা জোরদার করা হবে এবং যেখানেই অনলাইন জুয়ার খবর পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জামিনুর রহমান খান। সাংবাদিকদের মধ্যে ছিলেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি বেন ইয়ামিন, সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফারুক মল্লিক, স্টার নিউজের ব্যুরো প্রধান রাশেদুজ্জামান, যমুনা টিভির জেলা প্রতিনিধি রামিজ আহসান, দেশ টিভির জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ডালিম সারোয়ার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আসিফ ইকবাল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহাবুব হল পোলেন, বাসসের জেলা প্রতিনিধি দিলরুবা খাতুন, এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফি, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।