সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা
সীমান্তবর্তী জেলা মেহেরপুর এতদিন ধরে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসা ৩৩ কেভি বিতরণ লাইনের ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে আসছিল। ভৌগোলিক দূরত্ব বেশি হওয়ায় গ্রাহকদের প্রায়ই লো-ভোল্টেজ ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তি পোহাতে হতো। দীর্ঘদিনের এই সমস্যা দূর করে জেলাটি এবার সরাসরি যুক্ত হলো জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে।
১৩২ কেভি সঞ্চালন লাইন এবং ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালুর মাধ্যমে মেহেরপুরে বিদ্যুৎ ব্যবস্থার এই যুগান্তকারী পরিবর্তন এসেছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৮ অক্টোবর কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন সফলভাবে চালুর পর ২৯ অক্টোবর উপকেন্দ্রটি কার্যকর করা হয়। এর মাধ্যমে মেহেরপুর প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ স্তরে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সুবিধা পাওয়া শুরু করেছে।
নতুন এই বিদ্যুৎ অবকাঠামো নির্মাণে মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় তিন একর জমিতে ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দুটি নতুন ১৩২ কেভি বে-এক্সটেনশন তৈরি ও ৪৮ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইন নির্মাণ করা হয়।
পাওয়ার গ্রিড বাংলাদেশের সূত্রমতে, পূর্বে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া থেকে ৩৩ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ফলে মেহেরপুরের দূরবর্তী গ্রাহকরা মানসম্মত বিদ্যুৎ সংযোগ পাননি। নতুন ব্যবস্থা চালু হওয়ায় মেহেরপুরে নিরাপদ, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরববরাহ নিশ্চিত হবে। পাশাপাশি কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা উপকেন্দ্রে অতিরিক্ত চাপ কমবে, যা সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় ইতিবাচক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।