সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
এলপিজি সিলিন্ডারের অবিশ্বাস্য রূপান্তর!
সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে তাজ্জব বনে যাওয়ার মতো অবস্থা হলো। এতদিন যে বস্তুটি রান্নাঘরের এক কেণে চরম অবহেলা আর অনাদরে পড়ে থাকত, তার ওপর যেন আজ হঠাৎ ভাগ্যের অসামান্য আলো এসে পড়েছে। গ্যাসে কতটা ভাগ অবশিষ্ট আছে তা পরখ করতে বাসাবাড়ির গিন্নিরা যে বস্তুর গায়ে নির্দ্বিধায় চামচ কিংবা খুন্তি দিয়ে আঘাত করতেন, সেটিই এখন চুলার তাকের ওপর অত্যন্ত সযতনে স্থান পেয়েছে। সেখানে যেন মাছি বসারও জো নেই!
সকালের নাশতার টেবিলে বসে জানা গেল, পরিবারের সব আলোচনার কেন্দ্রবিন্দু এখন সেই সিলিন্ডার। বাবা মন্তব্য করলেন, জীবনে ধারাবাহিকতা থাকলে যে কেউ একদিন সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে, যার সবচেয়ে বড় প্রমাণ এই এলপিজি সিলিন্ডার। কথার পিঠে মায়ের সখেদে বক্তব্য, এক সময়ের অবহেলিত বস্তুটিও আজ জীবনযুদ্ধে জয়ী হয়ে সবার মুখে মুখে প্রশংসিত হচ্ছে, অথচ পরিবারের তরুণদের সেখান থেকেও কিছু শেখার সময় হচ্ছে না!
নাশতা শেষে দ্রুত রায়হানের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে বাইরে বের হতেই গলির মোড়ে এক ভিন্ন দৃশ্য দেখা গেল। এলাকার পরিচিত যুবক ফাহিম দুচাকার বাইসাইকেলের বদলে এখন রয়েল এনফিল্ড মোটরসাইকেলের ওপর হেলান দিয়ে বসে আছে। উৎসুক প্রতিবেশীরা তাকে ঘিরে ধরে নানা প্রশ্ন করছে। জানা গেল, গত পাঁচ মাস আগে এক মুরুব্বির পরামর্শে সিলিন্ডার কিনে মজুত রেখেছিলেন ফাহিম। পরে দাম বৃদ্ধি পেতেই সেগুলো সুবিধাজনক দামে বিক্রি করে এক লাফে বাইসাইকেল থেকে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের মালিক বনে গেছেন। অবশ্য অনেকেই রসিকতা করে বললেন, আরও কিছুদিন অপেক্ষা করলে সিলিন্ডার বেচে হয়তো চার চাকার গাড়িই কিনে ফেলা যেত!
পরবর্তীতে রায়হানের বাসায় পৌঁছে দেখা গেল আরও বিচিত্র কান্ড। তাদের ড্রয়িংরুমে কাচের বাক্সের ভেতর লাল মখমলের ওপর শোভা পাচ্ছে ১২ কেজির এক চকচকে সিলিন্ডার। গায়ে লেখা রয়েছে বিশেষ সতর্কবার্তা—‘দয়া করে দূর থেকে দেখুন, স্পর্শ করবেন না’। ঘরের আভিজাত্য বাড়াতে রান্নার কাজে ব্যবহূত আসল এই এলপিজি সিলিন্ডারটি এখন মেহমানদের সামনে বিশেষ প্রদর্শনী ও সম্মানের বস্তুতে পরিণত হয়েছে। সিলিন্ডারের এই অভূতপূর্ব সামাজিক রূপান্তর দেখে সত্যিই থ বনে যেতে হয়!