সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আলমডাঙ্গার আনারুল
কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে মাত্র চার বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। এরপর অভাবের তাগিদে ভাইয়ের সংসারে থেকে পান ও ধানক্ষেতে কৃষিকাজ করে জীবন যুদ্ধ শুরু করতে হয়েছিল তাঁকে। তবে জীবনসংগ্রামের সেই কঠিন পথ অতিক্রম করে অবশেষে নিজের অদম্য ইচ্ছা, মেধা ও কঠোর অধ্যবসায়ের জোরে বিচারকের আসনে সমাসীন হতে যাচ্ছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চরশ্রীরামপুর গ্রামের কৃতি সন্তান মো. আনারুল ইসলাম। সম্প্রতি প্রকাশিত ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফলে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তিনি সহকারী জজ (সিভিল জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মৃত হারেজ মোল্লা এবং মাতা মোছা: জাহেদা খাতুনেরর ছয় সন্তারে মধ্যে কনিষ্ঠ পুত্র আনারুল। পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবেই পিতৃশোকের পর চরম প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হতে হয় আনারুলকে। তবে মাঠের কাদা-পানিতে কাজ করলেও পড়াশোনার প্রতি তাঁর তীব্র অনুরাগ কখনো কমেনি। শত বাধা সত্ত্বেও তিনি জগন্নাথপুর-শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি সম্পন্ন করার পর আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অত্যন্ত সফলতার সঙ্গে এলএলবি ডিগ্রি অর্জন করে বিজেএস পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেন। নিজের এই অসামান্য অর্জনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনারুল মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানান। তিনি উল্লেখ করেন, তাঁর শিক্ষাজীবনের দীর্ঘ ও কঠিন পথচলায় সর্বদা পাশে থেকে সার্বিক সহায়তা করেছেন তাঁর সহোদর আমজাদ হোসেন। পাশাপাশি শৈশব থেকে সঠিক পথনির্দেশনা দেওয়ার জন্য শিক্ষানুরাগী প্রভাষক খাইরুল ইসলামের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। আনারুল বলেন, "প্রাথমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত আমার মানসিক ও একাডেমিক অনুপ্রেরণার মূল উৎস ছিলেন খাইরুল ইসলাম স্যার। তাঁর ব্যক্তিগত সমৃদ্ধ লাইব্রেরির বই পড়ার অভ্যাসই আমাকে বিজেএসসহ উচ্চতর পরীক্ষার পথ সহজ করে দিয়েছে।" এছাড়া বিচার বিভাগীয় পরীক্ষার প্রস্তুতিতে পাশে থাকা হলের রুমমেট, বন্ধু এবং সকল সম্মানিত শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আনারুল। ধানক্ষেতের হাড়ভাঙা খাটুনি থেকে শুরু করে বিচার বিভাগের এই মর্যাদাপূর্ণ আসনে আনারুলের স্থান পাওয়ার খবরে তাঁর পরিবার, শিক্ষক ও পুরো এলাকাবাসীর মধ্যে এখন আনন্দের বন্যা বইছে। স্থানীয়দের মতে, আনারুলের এই অভাবনীয় সাফল্য দেশের হাজারো সুবিধাবঞ্চিত ও স্বপ্নদেখা তরুণের জন্য এক বিশাল অনুপ্রেরণা। ভবিষ্যৎ কর্মজীবনে আনারুল ইসলাম যেন সততা, নিষ্ঠা ও ন্যায়ের সাথে দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবা করতে পারেন, সেজন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।