আলমডাঙ্গায় বেকারী ব্যবসায়ীর সংবাদ সম্মেলন: মিথ্যা অপপ্রচার ও হুমকির অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বেকারী ব্যবসায়ীর সংবাদ সম্মেলন: মিথ্যা অপপ্রচার ও হুমকির অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভোলারদাড়ী গ্রামের বেকারী পণ্যের ব্যবসায়ী মোঃ ইসরাইল হোসেন তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, হুমকি-ধামকি ও ব্যবসায়িক ক্ষতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। ওই সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বৃহস্পতিবার তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাইল হোসেন জানান, বেনাগাড়ি গ্রামের মোঃ কালাম সর্দ্দার তার ছোট ভাইকে বিদেশে পাঠানোর কথা বলে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে একটি চেক প্রদান করলে ব্যাংকে গিয়ে তিনি জানতে পারেন সেটি ভুয়া।
এ ঘটনায় তিনি ২০২৩ সালের ১৬ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি আদালত কালাম সর্দ্দার ও তার স্ত্রীকে দুই বছরের কারাদণ্ড এবং ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বলে জানান তিনি।
ইসরাইল হোসেন অভিযোগ করেন, মামলাটি চলাকালে নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজ ইমতিয়াজ বিপুল এবং ২ নম্বর ওয়ার্ড সদস্য রনি মহাম্মদ যাচাই-বাছাই ছাড়াই তার বিরুদ্ধে ‘সুদ ব্যবসায়ী’ উল্লেখ করে একটি প্রত্যয়নপত্র প্রদান করেন। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়। চেকের মামলাটি আদালত তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
তিনি আরও অভিযোগ করেন, সিআইডি তদন্ত শেষে যাওয়ার পর থেকে চেয়ারম্যান ও মেম্বারের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি তাকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ধরনের চাপ ও হুমকি দিতে থাকে। এদের মধ্যে মোঃ মুকুল মকছুদ, মোঃ পিন্টু, মোঃ আরজ ডাবলু ও মোঃ মোহনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি।
ইসরাইল হোসেন বলেন, বর্তমানে তাকে মসজিদে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং স্থানীয় দোকানদারদের হুমকি দিয়ে তার কাছ থেকে বেকারী পণ্য না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। ফলে তার ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন দোকানে তার পাওনা টাকাও আটকে আছে।
তিনি দাবি করেন, এসব ঘটনার কারণে বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।